ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মুক্তাঙ্গণে আগামী বৃহস্পতিবারও সব ধরনের সভা, সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করেছে পুলিশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি, সম্মিলিত ইসলামী জোট ও যাত্রাবাড়ী ব্যবসায়ী মালিক বহুমূখী সমবায় সমিতি লিমিটেড ওইদিন মুক্তাঙ্গনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।
মঙ্গলবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মে (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে মুক্তাঙ্গন, পল্টন ময়দান, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বায়তুল মোকারমের দুটি ফটক, শাপলা চত্বর, ফুলবাড়িয়া, সেগুনবাগিচা, রমনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, ছড়ি বা লাঠি এবং বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশসহ তিনটি সংগঠন সমাবেশ ডাকায় সোম ও মঙ্গলবারও মুক্তাঙ্গনে সব ধরনের সমাবেশ আয়োজনে নিষেধাজ্ঞা দেয় পুলিশ।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে কৌশলে মুক্তাঙ্গনে অবস্থান নেওয়ার চেষ্টা করায় রোববার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দেড়শ কর্মীকে আটক করা হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। ওই সময় পুলিশ ও ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২৩১৬ ঘ.
bdnews24