ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছর ৬.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সম্ভবনা বজায় থাকলেও মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাণিজ্যে দুর্বলতা ও প্রবাসী আয় কমে যাওয়ার বিষয়ে বাংলাদেশকে সতর্ক করে দিয়েছে বিশ্ব ব্যাংক।
মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের 'বাংলাদেশ ইকোনমিক আপডেট-২০১১ এ বলা হয়েছে, জ্বালানি ও খাদ্যে ভর্তুকির কারণে বাংলাদেশের বাজেটের ওপর চাপ ক্রমাগত বাড়ছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি রাজস্ব আদায় এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাজেট বরাদ্দের তুলনায় ব্যয় কম হওয়ায় চাপ সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হবে না।
প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের ৬.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হতে পারে। আর আগামী অর্থবছরে এই হার ৬.৪ শতাংশে উন্নীত হতে পারে।
২০০৯-২০১০ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৫.৮ শতাংশ। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণায় ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা প্রকাশ করেছিলেন। তবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মনে করে, এই হার ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে।
পাশাপাশি অর্থবছরের বাজেটে সাড়ে ৬ শতাংশ মূল্যস্ফীতির কথা বলা হলেও তা ৮ শতাংশে পৌঁছাতে পারে বলে এপ্রিলের শুরুতে এক প্রতিবেদনে আভাস দিয়েছে এডিবি।
মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পুর্নগঠন ও সংস্কারে বাংলাদেশের অগ্রগতি ছিল মিশ্র। মূল্য সংযোজন কর কাঠামোর পুর্নবিন্যাস, তারল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ও প্রাইভেট পাবলিক পার্টনারশিপ কাঠামো তৈরিতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও নতুন টেলি যোগাযোগ নীতি, দুর্নীতি দমন কমিশন আইনের সংস্কার ও পুঁজিবাজারে অস্থিরতার মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগের কারণ রয়েছে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।
সংস্থাটি বলেছে, ২০১২ অর্থবছরের প্রবৃদ্ধির সম্ভবনা এখন পর্যন্ত ভালো বলেই মনে হচ্ছে। তবে কিছু ঝুঁকির বিষয় রয়েছে যেগুলোতে সরকারের নজর দিতে হবে।
প্রতিবেদনে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি, প্রবাসী আয় (রেমিটেন্স) কমে যাওয়া, বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর আবার নিুমুখি হওয়ার আশঙ্কা, পুঁজিবাজারে অস্থিরতা এবং ব্যাংক খাতের ওপর এর বিরূপ প্রভাবের মতো বিষয়গুলোকে স্বল্পমেয়াদী ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া জ্বালানী সঙ্কট থেকে উত্তেরণের উপায় খুঁজে না পাওয়া, ক্রমাগত সরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগের পথে বাধা অপসারণে ব্যর্থতাকে দেশেল অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম ৯ মাসে রেমিটেন্স প্রবাহ কমে এলেও আমদানি ও রপ্তানি বেড়েছে। তবে আমদানি ব্যয়ের কারণে বিদেশি মুদ্রার রিজার্ভ ঝুঁকির মধ্যে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২২৪৯ ঘ.
bdnews24