রংপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নতুন করে সংবিধান প্রণয়ন প্রয়োজন বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আব্দুর রব।
মঙ্গলবার রংপুরে এক জনসভায় তিনি বলেন, বর্তমান যে সংবিধান রয়েছে তা দেশের মানুষের মঙ্গল বয়ে আনতে ব্যর্থ হয়েছে। সে কারণে এই 'কাটাছেঁড়া' সংবিধানের বদলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।
সংবিধান সংশোধনে সরকারকে 'চলমান খেলা' বন্ধ করে নতুন সংবিধান প্রণয়নে একটি কমিশন গঠনেরও আহবান জানান তিনি।
বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জেএসডি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রংপুরকে প্রদেশ করার কথাও বলেন আসম রব।
তিনি বলেন, এছাড়া উত্তরবঙ্গের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। উত্তরবঙ্গ বাংলাদেশের সবচেয়ে উর্বর ভূমি। অথচ এখানকার কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না। অধিকাংশ সময় এ অঞ্চলের মানুষকে কর্মহীন অবস্থায় অনাহারে অর্ধাহারে কাটাতে হয়।
বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলকে নিয়ে প্রদেশ করা হলে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। শিল্প কারখানা গড়ে উঠবে।
এভাবে দেশে মোট নয়টি প্রদেশ করার কথা বলেন তিনি।
তা না হলে এদেশের সমস্যার কোনো সমাধান হবে না বলে মন্তব্য করেন।
জেএসডি নেতা আমিন উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন আব্দুল হাই, মো. সিরাজ মিয়া, আশীষ কুমার সরকার, তাজুল ইসলাম, ওয়াজেদ আলী সরকার, শহিদুল ইসলাম, মশিউর রহমান, আব্দুস সাদেক জেহাদী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২১৫৩ ঘ.
bdnews24