২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনে সাংবাদিক প্রবেশে বাধা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সঙ্গে আমন্ত্রিত নাগরিকদের বৈঠকের সময় সংসদ ভবনে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সঙ্গে আমন্ত্রিত নাগরিকদের বৈঠকের সময় সংসদ ভবনে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে সাংবাদিকরা সংসদ ভবনে এই বৈঠকের সংবাদ সংগ্রহ করতে গেলে নিরাপত্তা কর্মীরা তাদের প্রবেশে বাধা দেন। নিরাপত্তায় নিয়োজিত সাজেদুলসহ কয়েকজন নিরাপত্তা রক্ষী জানান, বিশেষ কমিটির বৈঠক চলাকালে সাংবাদিকদের প্রবেশ না করতে দেওয়ার নির্দেশ রয়েছে। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের নেতারা বিষয়টি স্পিকার আবদুল হামিদকে অবহিত করেছেন। স্পিকার এ অনাকাঙ্খিত ঘটনায় বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। সংবিধান সংশোধনের ওপর মতামত নিতে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষ কমিটির সঙ্গে আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকদের বৈঠকের সময় নির্ধারিত ছিল। দুপুর পৌণে একটার দিকে দুটি জাতীয় দৈনিকের সাংবাদিক সংসদের মূল ভবনে প্রবেশ করতে গেলে ঘটনার সূত্রপাত হয়। নিরাপত্তা কর্মীরা বলেন, আপনারা যেতে পারবেন না। ওপরে গিয়ে আপনারা 'ভিড় করেন আর বৈঠক থেকে যে বেরিয়ে আসে তাকে ধরেন'- এ কারণে এ নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষ হলেই আপনারা ঢুকতে পারবেন। ঘটনা যাচাই করতে বিশেষ কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "এমন কোন নির্দেশ দেওয়া হয়নি। অ্যাক্রিডিটেশন কার্ড থাকলেই আপনারা ঢুকতে পারবেন।" বিষয়টি নিরাপত্তা কর্মীদের জানালে তারা বলেন, "রেজিস্ট্রি খাতায় নির্দেশ লেখা রয়েছে এখন ঢুকতে দেয়া যাবে না। আমরা সেই নির্দেশই পালন করছি।" এ সময় আরো কয়েকজন সাংবাদিক এসে নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন। পৌনে এক ঘণ্টা পর সার্জেন্ট এ্যাট আর্মস এসে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২১২৩ ঘ.