২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটায় ১০ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় একটি আবাসন শিল্প প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় একটি আবাসন শিল্প প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকালে ঢাকায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে তলব করে 'ডক্টর হোম প্রজেক্ট' নামের প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি ১৫ জুনের মধ্যে পাহাড়টি পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার নির্দেশও দেয়া হয়েছে ওই আবাসন প্রতিষ্ঠানকে। এর আগে সোমবার চট্টগ্রামের পশ্চিম খুলশী এলাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া হয়। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড় কাটার কারণে ভূমি ধসের আশঙ্কা, জীববৈচিত্র্য ধ্বংস, ভূমির ক্ষয় প্রবণতা, উপরিস্তরের ভূমি ক্ষয়, উদ্ভিদের ক্ষতিসহ পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয়েছে। তিনি জানান, এ প্রকল্পে সিডিএ'র অনুমোদন নেয়া হলেও পাহাড় কাটার কোন অনুমতি ছিল না। এছাড়া পাহাড়টির ওপরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনের খুঁটি এবং আশপাশে বহুতল ভবন থাকায় ওই এলাকায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের হুমকি সৃষ্টি হয়েছে। সোমবার অভিযান চলাকালে পাহাড় কেটে নেওয়া মাটি বহনকারী দুটি ট্রাক আটক করা হয়। ফয়'স লেকের কাছেই এ প্রকল্পে ২২ হাজার ঘনফুট মাটি কেটে বিশালা গর্ত তৈরি করে ভবন নির্মাণের প্রস্তুতি নেয়া হচ্ছিল। মুনীর চৌধুরী জানান, পাহাড়টি আগের উচ্চতায় ও আকৃতিতে ফিরিয়ে আনতে ১৫ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ পাহাড় রক্ষায় প্রতিরোধ প্রাচীর নির্মাণেরও আদেশ দেয়া হয়েছে। জরিমানার পাশাপাশি প্রস্তাবিত ভবনের অনুমোদন বাতিলের জন্য সিডিএ এবং বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ প্রদান না করার জন্য পিডিবি, ওয়াসা ও কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানিকে বলেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ডক্টর হোম প্রজেক্টের কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেন এবং অধিদপ্তরকে জানান, পরিবেশ আইন সম্পর্কে তারা জানতেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/২০১৪ ঘ.