গাজীপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় মঙ্গলবার ভোরে এক তৈরি পোশাক শ্রমিক খুন হয়েছেন।
নিহত মোলেকা বেগম (২৫) বিসিক শিল্প নগরীর জিন্স পোলো লিমিটেডে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের কোতয়ালি থানার দরিভাবখালী গ্রামে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. হানিফ (৩৫) পালিয়ে গেছে।
এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে পুলিশ জানায়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সকালে মোলকা বেগমের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা ও মুখমণ্ডল থেঁতলানো ছিল।
ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ইট উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে ইট দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোলেকার বড় ভাই হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, সাত বছর আগে মোলেকার সঙ্গে রিকশা চালক একই গ্রামের হানিফের বিয়ে হয়।
কিছুদিন থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো বলে জানান হাবিবুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24