২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলা মজুমদারের জীবনাবসান

সঙ্গীত শিল্পী ও শিক্ষক ইলা মজুমদার আর নেই। সোমবার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৭০ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্গীত শিল্পী ও শিক্ষক ইলা মজুমদার আর নেই। সোমবার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৭০ বছর। ইলা মজুমদার দীর্ঘদিন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সঙ্গীতজ্ঞ বারীণ মজুমদারের স্ত্রী ও শিল্পী বাপ্পা মজুমদারের মা। তার আরেক ছেলে অপূর্ব মজুমদারও সঙ্গীতের চর্চা করেন। বাপ্পা মজুমদার জানান, তার মা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সোমবার গভীর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার পর ইলা মজুমদারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনা হয়। সেখানে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, লিয়াকত আলী লাকী, রামেন্দু মজুমদার, আলী যাকের, ম. হামিদ, শংকর সাঁওজাল, মাহমুদুজ্জামান বাবু ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের প্রবীণ ও নবীণ কর্মীরা এবং উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পকলা একাডেমী, ছায়ানটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। ইলা মজুমদারের ইচ্ছা অনুযায়ী, রাজধানীর সবুজবাগ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ১৯৪১ সালে পাবনায় জন্মগ্রহণ করেন ইলা মজুমদার। দীর্ঘ ২২ বছর রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে শিক্ষকতা করেন তিনি। দেশের প্রথম সঙ্গীত মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় ওস্তাদ বারীণ মজুমদারের সঙ্গে ছিলেন তিনি। এ ছাড়া জাতীয় সঙ্গীত মহাবিদ্যালয়ে দর্শন বিভাগের শিক্ষক হিসেবে কাজ করে দীর্ঘ ১৫ বছর। গান ও শিক্ষকতার পাশাপাশি লেখালেখিও করতেন ইলা মজুমদার। 'স্মৃতিতে শ্র"তিতে বারীণ মজুমদার', 'দিনগুলি মোর' এবং 'সঙ্গীতের তত্ত্বকথা' তার লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য। শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার জিতেছেন ইলা মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৮৫১ ঘ.