কিশোরগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের বিরোধের জের ধরে কিশোরগঞ্জে বাস ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। এর ফলে গাইটাল এলাকার টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, চট্রগ্রামসহ বিভিন্ন জেলাগামী বাস চলাচল বন্ধ রয়েছে, দুর্ভোগে পড়েছেন দূরগামী যাত্রীরা।
মালিক সমিতির অভিযোগ, শ্রমিক নামধারী একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে রোববার বিকালে বাস চলাচলে বাধা দেয় এবং দুটি বাস ভাংচুর করে। এর প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সোমবার থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ নিরাপত্তার বন্দোবস্ত না হলে বাস চালাবেন না তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজুরি বাড়ানো এবং তা নিয়মিতভাবে পাওয়ার দাবিতে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নামার ঘোষণা দিলে সরকারি দলের সমর্থক অন্য একটি অংশ এর বিরোধিতা করে। এর জের ধরেই সংঘর্ষ বাঁধলে দুটি বাস ভাংচুর হয়।
ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় সোমবার কিশোরগঞ্জ মডেল থানায় ১৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ওসি মীর মোশারফ হোসেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, নিরাপদে বাস চলাচলসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
ওসি বলেন, বাস টার্মিনালে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪০ ঘ.
bdnews24