২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের এক মামলায় লিমনের জামিন

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ঝালকাঠীর লিমন হোসেন তার বিরুদ্ধে করা দুই মামলার একটিতে জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

বরিশাল, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ঝালকাঠীর লিমন হোসেন তার বিরুদ্ধে করা দুই মামলার একটিতে জামিন পেয়েছেন। সরকারি কাজে বাধা, হত্যা চেষ্টা ও র‌্যাব সদস্যদের আহত করার অভিযোগে দায়ের করা এ মামলায় সোমবার ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান ১০ হাজার টাকা মুচলেকায় লিমনকে জামিন দেন। ঝালকাঠীর রাজাপুরে গত ২৩ মার্চ গুলিবিদ্ধ হন লিমন। তার দাবি, ধরে নিয়ে তাকে গুলি করেছে র‌্যাব। তবে র‌্যাব ওই সময়ে বলেছিলো, সন্ত্রাসীদের সঙ্গে 'বন্দুকযুদ্ধ'র সময় লিমন গুলিবিদ্ধ হন। লিমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটির সমালোচনা উঠলে গত ১১ এপ্রিল র‌্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছিলেন, লিমন অবস্থার শিকার হতে পারে। সে দুর্ঘটনার শিকারও হতে পারে। ঘটনার দিনই র‌্যাব বাদি হয়ে অস্ত্র ও সরকারি কাজে বাধা, হত্যা চেষ্টা ও র‌্যাব সদস্যদের আহত করার অভিযোগে লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। এর মধ্যে তদন্ত শেষে অস্ত্র মামলায় গত ২৪ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়। গোপনে পুলিশের দাখিল করা এ অভিযোগপত্রে বলা হয়, লিমন 'সন্ত্রাসী মিজান-মোর্শেদের সহযোগী'। লিমনের আইনজীবী নাসিরউদ্দিন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি কাজে বাধা, হত্যা চেষ্টা ও র‌্যাব সদস্যদের আহত করার অভিযোগের মামলা তদন্তনাধীন রয়েছে। এ মামলায় ১৯ মে আভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আসম মোস্তাফিজুর রহমান (মনু) জামিন আবেদনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন। গত ২৮ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "পুলিশ তদন্ত করেই অভিযোগপত্রে তার (লিমন) নাম অন্তর্ভুক্ত করেছে। এ নিয়ে সরকারের কিছুই করার নেই। এখন আদালতই বিষয়টি দেখবে।" এদিকে লিমনকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তার মা হেনুয়ারা বেগম উল্টো র‌্যাবের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তবে আদালতের নির্দেশের পরও তা নিতে গড়িমসি করে পুলিশ। ২৭ এপ্রিল সে মামলা থানায় নথিভুক্ত হয়েছে। ইটভাটার শ্রমিক লিমন ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি, তার একটি পা কেটে ফেলতে হয়েছে। তাকে দেখতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও এ ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭১৪ ঘ.