ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে ইসলামী ঐক্যজোটের পর এবার হরতালের হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, নারী উন্নয়ন নীতি বাতিলসহ কয়েকটি দাবি আগামী ৩০ মে'র মধ্যে না মানলে হরতাল ডাকা হবে।
দলটির অন্য অন্য দাবির মধ্যে রয়েছে- ইসলামী 'আদর্শবিরোধী' শিক্ষানীতি ও হাইকোর্টের দেওয়া ফতোয়াবিরোধী রায় বাতিল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।
রেজাউল বলেন, "কুরআন-সুন্নাহবিরোধী নারী নীতি ইসলামী জনতা মেনে নেবে না। অবিলম্বে এ নীতি বাতিলের ঘোষণা দিতে হবে।"
ইসলামী কয়েকটি সংগঠন নারী নীতির বিরোধিতা করলেও সরকার বলে আসছে, এতে কুরআন পরিপন্থী কিছুই নেই। ইসলামী কয়েকটি সংগঠনও সরকারের বক্তব্য সমর্থন করছে।
রেজাউল বলেন, "নারী নীতি বাতিলের দাবিতে মুক্তাঙ্গনে সোমবার থেকে দুই দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন না করতে দিয়ে সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে।"
দলের নেতাকর্মীদের লাঠিপেটা, হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, "রোববার আমাদের নেতাকর্মীরা মুক্তাঙ্গনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলো। বিনা কারণে তাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।"
ইসলামী আন্দোলন আগামী ৪ মে সব উপজেলায়, ৫ মে ঢাকায় মুক্তাঙ্গনে এবং ১১ মে সব জেলায় বিক্ষোভ সমাবেশ করার নতুন কর্মসূচি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪৩০ ঘ.
bdnews24