চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক মে দিবস।
ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নির্যাতন বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক সংগঠনগুলো সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও মিছিল করে।
রোববার সকাল ১১টার দিকে নগরীর কদমতলী চত্ত্বর থেকে 'গার্মন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র' মিছিল বের করে। নগরীর বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত কয়েক হাজার শ্রমিক মিছিলে অংশ নেয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরনো রেল স্টেশন চত্বরে এসে শেষ হয়। সেখানে সংগঠনের আহ্বায়ক রাহাতুল্লাহ জাহিদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় 'রেলওয়ে ওয়েজিউল্লাহ ইনস্টিটিউট' মিলনায়তনে সমাবেশের আয়োজন করে 'বেকারি এন্ড কনফেকশনারি ওয়ার্কার্স ইউনিয়ন'।
সংগঠনের সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন।
কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতে তিনি বেকারি মালিকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। শ্রম নীতিকে আধুনিক ও যুগোপযোগী করতে বর্তমান শ্রমনীতি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।"
এদিকে বিকেল ৫ টার দিকে নগরীর ডিসি হিল প্রাঙ্গণে মে দিবস উপলক্ষে শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করে 'মে দিবস উদযাপন পরিষদ'।
চট্টগ্রামের পাঁচটি সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অংশ নেয় উদীচী চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম থিয়েটার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বোধন আবৃত্তি পরিষদ এবং প্রমা আবৃত্তি সংগঠন এর সদস্যরা।
অনুষ্ঠানে গণসঙ্গীত, নাটক, বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশ করা হয়।
এছাড়া কেন্দ্রিয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক শাখা। এর আগে পরিবহন শ্রমিকদের বিশাল একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নগরীর কাজির দেউড়ি চত্ত্বরে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, নামিসন ভবনে দলীয় কার্যালয়ে বিভাগীয় শ্রমিক দল এবং পুরনো স্টেশন চত্ত্বরে শ্রমিক লীগ পৃথক সমাবেশের আয়োজন করে।
লালখান বাজার মোড়ে বিকাল সাড়ে তিনটায় নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী শ্রমিক লীগ নেতাকর্মীরা সমাবেশের আয়োজন করে।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে মে দিবসের র্যালী বের করে 'চট্টগ্রাম সংবাদপত্রসেবী ঐক্যপরিষদ'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৪ ঘ.
bdnews24