ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে কৌশলে মুক্তাঙ্গনে অবস্থান নেওয়ার চেষ্টা করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দেড়শরও বেশি কর্মীকে আটক করেছে পুলিশ।
তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। এ সময় পুলিশ ও ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রোববার সন্ধ্যার সাড়ে ৬টার পর থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
পুলিশের রমনা অঞ্চলের উপ-সহকারী কমিশনার নুরুল ইসলাম বলেন, বারবার বলা সত্ত্বেও তারা অবস্থান ছাড়েননি। আমাদের ধারণা তারা কাল সকাল পর্যন্ত অবস্থান করবেন।
ইসলামী আন্দোলনসহ একাধিক ইসলামী সংগঠন একই সময়ে মুক্তাঙ্গনে সভা ডাকায় সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওযা পর্যন্ত সেখানে সব ধরনের সমাবেশ পুলিশ নিষিদ্ধ করে শনিবার।
আরো তিনটি সংগঠন হচ্ছে- শরীয়াহ আইন বাস্তবায়ন কমিটি, সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
তিনটি ইসলামী দলের সভাকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিলও মুক্তাঙ্গনে সমাবেশ নিষিদ্ধ করেছিলো পুলিশ।
সোমবার সংবাদ সম্মেলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন জানান, তারা মে দিবস উপলক্ষে শ্রমিকদের জন্য দোয়া চাইতে গিয়েছিলেন।
"আমরা কাল (সোমবার) সকাল পর্যন্ত অবস্থান নেব এমন বলিনি।"
দলটির তিনশরও বেশি নেতাকর্মী আটক হয়েছেন বলে দাবি করেন তিনি।
দলটির সভাপতি এটিএম হেমায়েতউদ্দিন বলেন, আমাদের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে।
সরকারের নির্দেশ তারা মানবেন- এ কথা উল্লেখ করে হেমায়েত জানান, সোমবার সকাল ১২টায় তারা পল্টনে নোয়াখালী হোটেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।
রাত সাড়ে ৮টায় মুক্তাঙ্গন ফাঁকা ও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে ঘটনাস্থল থেকে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল হোসেন তালুকদার।
এরশাদের কর্মসূচির পর তারা জড়ো হন
মাগরিবের নামাজের আগে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ করে মুক্তাঙ্গন ছাড়ার পরই ইসলামী আন্দোলনের সহস্রাধিক নেতাকর্মী সেখানে অবস্থান নেয় বলে জানান নুরুল ইসলাম।
তিনি বলেন, "মুক্তাঙ্গনে ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেয় ও মাগরিবের নামাজ আদায় করে। এরপর নিষেধাজ্ঞা থাকায় তাদের ওই এলাকা ছাড়তে অনুরোধ করি। একপর্যায়ে তাতে সাড়া না দেওয়ায় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি নিক্ষেপ করা হয়।"
সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম।
রাত সাড়ে ৮টায় পুলিশের মতিঝিল অঞ্চলের কমিশনার আনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এ পর্যন্ত দেড়শ'রও বেশি কর্মীকে আটক করা হয়েছে।"
লাঠিচার্জে আহত কয়েকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমএইচসি/পিডি/২১১৮ ঘ.
bdnews24