ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল আন্দোলনের হুমকি দিলেও তাতে সরকার ভয় পায় না।
তিনি রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় বলেন, "আমাদের আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আন্দোলন আমরাই করেছি। আমরা জানি, কীভাবে আন্দোলন করতে হয়।"
"আন্দোলন করেই আমরা দেশ স্বাধীন করেছি। আন্দোলন করেই আমরা এ জায়গায় এসেছি। কে কতটুকু আন্দোলন করতে পারে- তা আমাদের জানা আছে", বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন হাসিনা।
সরকার 'ব্যর্থ' দাবি করে প্রধান বিরোধী দল আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের কথা বলে আসছে। রোববার গাজীপুরে শ্রমিক সমাবেশেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
গ্যাস-বিদ্যুৎ সঙ্কটের জন্য বিএনপি বর্তমান মহাজোট সরকারের ব্যর্থতাকে দায়ী করলেও প্রধানমন্ত্রী এ জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকেই দোষ দিয়েছেন।
তিনি বলেন, "আমাদের দুর্ভাগ্য, দেশ যখন ডুবতে বসে তখনই আমরা ক্ষমতায় আসি। '৯৬ এ রেখে গেলাম গ্যাসে ভাসা দেশ। এখন এসে দেখি, গ্যাসের সঙ্কট। এর জবাব দেবে কে?"
গ্যাস উৎপাদন বাড়াতে বেসরকারি খাতকে কীভাবে ব্যবহার করা যায়, তার চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।
বিদেশি বিনিয়োগ বন্ধের জন্য নানা রকম চক্রান্ত চলছে বলে দাবি করেন হাসিনা।
তিনি বলেন, "বিরোধী দল দেশের উন্নয়ন করতে না পারলেও তারা পারে জঙ্গিবাদ সৃষ্টি করতে। তবে, জঙ্গিবাদের স্থান আর বাংলাদেশে হবে না।"
মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী।
শ্রমিক কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শ্রমিক সংগঠনগুলোকেও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হাসিনা।
তিনি বলেন, "৭৫ এর পর যারা দেশ পরিচালনা করেছিলো, তারা দেশকে পরনির্ভরশীল করে তোলে। এর ধারাবাহিকতায় আদমজী পাট কল বন্ধ করে দেওয়া হয়। লোকসান হয়- এ অজুহাতে পাটকল বন্ধ করে দিতে হবে, এর কোনো মানে হতে পারে না।"
"লোকসানের অজুহাতে শিল্পকারখানা বন্ধ করা আমরা বিশ্বাস করি না। আমরা লোকসানি শিল্প-কারখানাকে লাভজনক করতে পারি।"
শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হতে মালিকদের বলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভাংচুর করে কারখানার ক্ষতি না করতেও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ২০০৬ সালের শ্রম আইন এখনো সংশোধন না করতে পারায় দুঃখ প্রকাশ করেন।
সব নারী শ্রমিক যেন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পায়, তা নিশ্চিত করতেও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
দেশে ৪২টি খাতের শ্রমিকদের মধ্যে ২৭টি খাতের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ হচ্ছে বলে জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে তহবিল দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, ঢাকায় আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (আইএলও) আন্দ্রে বজুই, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি রোকেয়া আফজাল রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৪০ ঘ.
bdnews24