২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনযোগ্য নয়'

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, সংবিধানের মৌলিক কাঠামো কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, সংবিধানের মৌলিক কাঠামো কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন, "বাহাত্তরের সংবিধানের মূলনীতি থেকে যেন সামান্যতম পদস্খলন না হয়। "যখনই আমরা আমাদের সংবিধান সংশোধনের কথা চিন্তা করবো, আমরা যেন সেই লাখো মুক্তিযোদ্ধাদের, লাখো শহীদদের কথা চিন্তা করি ও মাথায় রাখি।" বিচারকদের অভিশংসন প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সংসদ সদস্য, সংসদ এ ব্যপারে কী সিন্ধান্ত নেবেন এটা তাদের ব্যপার। তাদের ব্যপারে আমার কোনো বক্তব্য নেই। নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে যেকোনো সিন্ধান্ত নিতে পারেন। বিচারপতিদের অভিসংশনের বিষয়ে যুক্তরাজ্যের উদাহরণ টেনে প্রধান বিচারপতি বলে, "রাজাদের একচ্ছত্র ক্ষমতা ছিল বিচারপতিদের নিয়োগ ও অব্যাহতি দেওয়া। এরপর আসলো অ্যক্ট অব সেটেলমেন্ট ১৭০১। এই প্রথম ঠিক হল যে না, রাজার খুশিমত বিচারকদের অব্যাহতি দেওয়া সম্ভব না। বিচারকদের যদি উনি একবার নিয়োগ দেন, তাহলে তিনি কোনো বিচারপতিকে বরখাস্ত করতে পারবেন না, যদি না কোনো সুনির্দিষ্ট অসদাচরণের অভিযোগ না থাকে।" তিনি বলেন, "সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা যদি অভিসংশনের পক্ষে থাকে তাহলে উচ্চ আদালতের একজন বিচারপতিকে ইম্পিচ করা যাবে, অন্যথায় নয়। এই প্রথম রাজার ক্ষমতা থেকে প্রজাদের মধ্যে ক্ষমতাটা চলে আসল। একজন বিচারপতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়। বরং বিচারপতিদের রক্ষা করার জন্য। রাজার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষার জন্য। " বিচারকদের নিয়ে, বিচারব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা হয়, তারপরও কিন্তু সবাই বিচারালয়েই আসেন- এ কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, "এর কারণ হচ্ছে এখনো বিচারকগণ জনগণের আস্থা উপভোগ করে। এখনও মানুষ মনে করে সুপ্রিম কোর্টে বা জেলা আদালতে আমরা ন্যায় বিচার পাবো।" বার কাউন্সিলের তালিকাভুক্তি কমিটির সভাপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার। অনুষ্ঠানে প্রায় দুই হাজার আইনজীবীকে সনদ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৩৮ ঘ.