ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিমানবন্দরে প্রায় ২৫ লাখ টাকা সমমূল্যের ক্যামেরা ও স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ইবনে সাঈদ (৩০) নামে ওই ব্যক্তিকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ।
সাঈদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান।
বিমানবন্দরের আর্মড পুলিশের সহকারি পুলিশ সুপার রাশেদুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ বিমানের বিজি-০৮৭ ফ্লাইটে সকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ব্যক্তি গ্রিন চ্যানেল পার হওয়ার পর সন্দেহবশত তাকে অনুসরণ করে এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দরের সদস্যরা ।
পরে তার লাগেজ তল্লাশি করে এক ৮২টি ডিজিটাল ক্যামেরা ও প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায় বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান রাশেদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯৫১ ঘ.
bdnews24