২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের জিপে হামলা, ডাকাত-পুলিশ গোলাগুলি

কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে যাত্রীবাহী গাড়ি ভেবে একটি পুলিশের জিপে হামলা করেছে ডাকাতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

কক্সবাজার, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে যাত্রীবাহী গাড়ি ভেবে একটি পুলিশের জিপে হামলা করেছে ডাকাতরা। শুক্রবার গভীর রাতে এ হামলার পর পুলিশ ও ডাকাতের মধ্যে এক ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। এ সময় ডাকাতের গুলিতে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত সন্দেহে রেজাউল করিম নামের একজনকে গ্রেপ্তার করেছে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ সাংবাদিকদের বলেন, রাত ১টার দিকে ২০/২৫ জন সশস্ত্র ডাকাত চকরিয়া-মহেশখালী সড়কের চৌয়ারফাঁড়ি এলাকায় অবরোধ দিয়ে যাত্রীবাহী বাস ও চাঁদের গাড়িতে (স্থানীয় যাত্রীবাহী জিপ) ডাকাতির প্রস্তুতি নেয়। ওই রাস্তা দিয়ে একটি জিপে যাচ্ছিল চকরিয়া থানার টহল পুলিশ। যাত্রীবাহী জিপ মনে করে ডাকাতরা ওই জিপে হামলা চালালে গোলাগুলি শুরু হয়। এ সময় একঘণ্টায় দু'পক্ষ অন্তত ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এরমধ্যে পুলিশ ছুড়েছে ৫ রাউন্ড। আহত এসআই আবদুল বাতেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির প্রস্তুতি ও পুলিশকে আক্রমণের ঘটনায় চকরিয়া থানায় দু'টি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৯ ঘ.