ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি শনিবার এক আলোচনা সভায় বলেছেন, "প্রশাসনের লোকেরা কিছু অনিয়মের চেষ্টা করতে পারে। এটা ঠেকাতে নির্বাচিত জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে কমিটি করা হয়েছে। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে।"
মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে 'জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন' প্রকাশ উপলক্ষে আয়োজিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সভায় বক্তারা বলেন, বৈশ্বিক দুর্নীতির ফলাফল হচ্ছে জলবায়ুর পরিবর্তন। এজন্য উন্নত বিশ্বের শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশসহ অনুন্নত বা উন্নয়নশীল দেশের মানুষ।
এ কারণেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্র"ত অর্থ পাওয়া এসব দেশের অধিকার। এটি কোন মঞ্জুরি বা সহায়তা নয়। এ অর্থ আমাদের দিতে হবে। প্রয়োজনে আরো অতিরিক্ত অর্থও দিতে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায়।
"শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্র"ত অর্থ পাওয়া এসব দেশের অধিকার। এটি কোনো মঞ্জুরি বা সহায়তা নয়। এ অর্থ আমাদের দিতে হবে। প্রয়োজনে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় অতিরিক্ত অর্থও দিতে হবে", বলেন প্রতিমন্ত্রী।
সভায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, যেখানে অর্থ আছে, সেখানেই দুর্নীতির সুযোগ রয়েছে। তাই দুর্নীতি রোধে সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুদকের জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে। তারা এসব (জলবায়ু তহবিলের ব্যয়) খতিয়ে দেখবে।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সর্বদলীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী তহবিল ব্যয়ের দুর্বল দিকগুলোর পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নের প্রকৃত চিত্রও তুলে ধরার আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৈশ্বিকভাবে ৩ হাজার কোটি ডলারের তহবিল গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে এ তহবিলের পরিমাণ ১০ হাজার ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে প্রত্যেক বছর ২০০ থেকে ৪০০ দুর্যোগের শিকার হচ্ছে বিশ্ব। এর ৯০ শতাংশই হচ্ছে প্রাকৃতিক ও জলবায়ু সংশ্লিষ্ট। এ অবস্থা চলতে থাকলে আগামী ২০১৫ সালের মধ্যে পৃথিবীর ৩৭ কোটি ৫০ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সদস্য কাজী খলীকুজ্জমান বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব ক্ষেত্রেই রয়েছে। জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে দুর্নীতি রোধে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে উন্নয়নের পাশাপাশি পরিবেশ দূষণ বন্ধেও পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।
ক্ষতিকর কার্বন ছড়ানো ও পরিবেশ দূষণের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্বের দেশগুলো এ কার্যক্রমেরবিরোধী প্রচার-প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেন পরিবেশ বিজ্ঞানী আতিক রহমান।
টিআইবি'র চেয়ারপার্সন সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল নিবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপার্সন হাগেট লাবেলে। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন এর প্রধান সম্পাদক গ্যারেথ সুইনি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখার আহমেদও আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩০ ঘ.
bdnews24