২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে এক পোশাক শ্রমিককে তার স্বামী দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

গাজীপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক পোশাক শ্রমিককে তার স্বামী দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী স্বামী কামাল হোসেনকে (৩৫) ধরে পুলিশে দিয়েছে। শনিবার ভোর রাতে এই হত্যাকাণ্ড ঘটে বলে জয়দেবপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান। নিহত সহিদা বেগম (৩২) ঢাকার নবাবগঞ্জ থানার নয়াকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি স্থানীয় হান্নান ফেন্সী গার্মেন্টেসের হেলপার ছিলেন। কামাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ মণ্ডল পাড়া এলাকার মৃত বেনু মোড়লের ছেলে। এসআই রফিকুল জানান, সহিদা তার দু' সন্তান ও স্বামীকে নিয়ে গাজীপুর সদর উপজেলার দক্ষিণ খাইলকুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। সাহিদা পরকীয়ায় আসক্ত বলে বেশ কিছু দিন ধরে স্বামী অভিযোগ করছিলেন। এই অভিযোগে তাদের দাম্পত্য কলহ চলছিলো। এ নিয়ে শুক্রবার রাতে তাদের ঝগড়া বাধে। উত্তেজিত কামাল হোসেন এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দা দিয়ে সহিদাকে এলোপাতাড়ি কোপ দিতে শুরু করে। সহিদার মাথায় অন্তুঃত ১৩টি কোপ লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনা দেখে তাদের সন্তানরা ভয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। কামাল ঘরের দরজা খুলে বের হলে এলাকাবাসী তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬২৩ ঘ.