২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা শেরাটন এখন রূপসী বাংলা

ইন্টার কন্টিনেন্টাল থেকে শেরাটন হোটেল হিসেবে পরিচিত হওয়ার ২৭ বছর পর এবার এটিও বদলে 'রূপসী বাংলা' নাম নিয়েছে ঢাকার পাঁচতারা হোটেলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টার কন্টিনেন্টাল থেকে শেরাটন হোটেল হিসেবে পরিচিত হওয়ার ২৭ বছর পর এবার এটিও বদলে 'রূপসী বাংলা' নাম নিয়েছে ঢাকার পাঁচতারা হোটেলটি। স্টারউড এশিয়া প্যাসিফিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শনিবার থেকে হোটেলের নাম 'রূপসী বাংলা' বলে হোটেল পরিচালনাকারী কর্তৃপক্ষ বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিসিএল) এক সংবাদ সম্মেলনে জানায়। হোটেলের বর্তমান মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, "রূপসী বাংলা নামটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া। তিনি চেয়েছেন, আন্তর্জাতিক মানের এ হোটেলের নামের সঙ্গে যেন আবহমান বাংলার ঐতিহ্যের ছোঁয়া থাকে।" হোটেলটি পরিচালনার জন্য নতুন আন্তর্জাতিক কোনো সংস্থার সঙ্গে চুক্তির চেষ্টা চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে নতুন চুক্তি হলেও রূপসী বাংলা নামটি বদলাবে না, এর সঙ্গে শুধু নতুন সংস্থার নাম যোগ হবে। মাহফুজ জানান, হোটেল ইন্টার কন্টিনেন্টাল, সুইস হোটেল, হোটেল ম্যারিয়টের সঙ্গে চুক্তির আলোচনা চলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি অংশীদারিত্বের এ হোটেলটি লাভজনক। ২০১০ সালে এর আয় ছিলো প্রায় ১০০ কোটি ডলার। মাহফুজ বলেন, "নাম পরিবর্তনে এর ব্যবসায় কোনো ঘাটতি পড়বে না। ব্রান্ড নেম কিংবা বিদেশি জেনারেল ম্যানেজারের জন্য নয় বরং আমাদের কর্মদক্ষতা এবং সেবার মানের জন্য আমরা আজকের এ সফলতা অর্জন করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৪১২ ঘ.