ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উড়াল সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেশের প্রথম এ উড়াল সড়ক হলে ঢাকায় যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শনিবার সকালে নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ উপলক্ষে বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রতিনিধি কিয়াথ সিমিথর্ন, যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূইয়া।
প্রধানমন্ত্রী বলেন, উড়াল সড়ক নির্মাণ হলে ঢাকার যানজট অনেকটাই কমবে।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এ উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে ইতালি ও থাইল্যান্ডের যৌথ মালিকানার কোম্পানি ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে গত ১৯ জানুয়ারি চুক্তি করে সরকার। কাজ শুরুর সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ শেষ করার কথা।
প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সড়কটি শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাত রাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত হবে।
এর সঙ্গে আরো ৫ কিলোমিটার দীর্ঘ দুটি সংযোগ সড়ক থাকবে। এর একটি হবে মানিক মিয়া থেকে তেজগাঁও রেল ক্রসিং পর্যন্ত। অন্যটি পলাশী থেকে মগবাজার পর্যন্ত।
এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭০৩ কোটি টাকা। এর ২৭ শতাংশ অর্থ সরকার দিচ্ছে।
থাই সরকারের প্রতিনিধি সিথিমর্ন বলেন, "আমরা এ প্রকল্পের অংশীদার হতে পেরে গর্ববোধ করছি। এটা যোগাযোগ ক্ষেত্রে একটি মাইলফলক হবে। সাড়ে তিন বছরে এর নির্মাণকালে প্রায় সাড়ে তিন হাজার লোকের কর্মসংস্থান হবে।"
যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেন, "আমি দাতা সংস্থার প্রতিনিধি ও প্রধানমন্ত্রীকে সাক্ষী রেখে বলতে চাই- পদ্মা সেতু ও এই এক্সপ্রেসওয়ের কাজ সর্বোচ্চ স্বচ্ছতা, দক্ষতা ও দ্রুততার সঙ্গে করা হবে।"
এ উড়াল সড়ক প্রকল্পের ২০ শতাংশ জমি সরকারকে অধিগ্রহণ করতে হচ্ছে। যাদের জমি অধিগ্রহণ করা হবে, তারা নগদ অর্থের পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে প্লট ও ফ্ল্যাট পাবেন।
প্রকল্পের মোট জমির মোট ২০ শতাংশ ব্যক্তি মালিকানার। এর বেশিরভাগই কুড়িল, গোলাপবাগ ও কুতুবখালী এলাকায়। বাকি ৮০ শতাংশ জমিই সরকারি জমি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১০৫০ ঘ.
bdnews24