চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দ্বীপের মানুষকে ঘূর্ণিঝড় থেকে রক্ষায় ক্রস বাধ নির্মাণের আহ্বান জনিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।
১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সন্দ্বীপ এডুকেশন সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সোসাইটির সভাপতি প্রকৌশলী কে এম সুফিয়ানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপের সাংসদ মোস্তফা কামাল পাশা।
মনজুর আলম বলেন, "সেই ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে স্বজন হারানোর দুর্বিসহ স্মৃতি উপকূলীয় এলাকার মানুষ কোনো দিন ভুলতে পারবে না।"
প্রাকৃতিক দুর্যোগ থেকে জানমাল রক্ষায় দ্বীপ ও উপকূলীয় এলাকায় অবকাঠামো উন্নয়ন, বেড়ি বাধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণসহ সার্বিক প্রস্তুতি রাখার আহ্বান জানান মেয়র।
তিনি বলেন, "সন্দ্বীপে ক্রস বাধ নির্মাণ এখন সময়ের দাবি।'
সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন, "সন্দ্বীপে ক্রস বাধ নির্মাণ ও ভূমি উদ্ধার প্রকল্প বাস্তবায়নকে জাতীয় ইস্যুতে পরিণত করতে হবে।"
সন্দ্বীপ উপকূলের সমস্যা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছয় পর্বের একটি প্রতিবেদন এ অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
অন্যদের মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সোসাইটির উপদেষ্টা এম নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসান মোহাম্মদ আলোচনায় অংশ নেন।
১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম নগরী, কক্সবাজার, মহেশখালী, আনোয়ারা, বাঁশখালী, পতেঙ্গা, সীতাকুণ্ড, চকরিয়া, সন্দ্বীপসহ প্রায় দেশের উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২০১৪ ঘ.
bdnews24