২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণভাবে শেষ হলো সাধুসঙ্গ

রাজবাড়ীর পাংশার চররামনগর গ্রামে বাউল মোহাম্মদ আলী ফকিরের বাড়িতে দুদিনব্যাপী সাধুসঙ্গ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

রাজবাড়ী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশার চররামনগর গ্রামে বাউল মোহাম্মদ আলী ফকিরের বাড়িতে দুদিনব্যাপী সাধুসঙ্গ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গানে গানে লালন-ভক্ত বাউলরা তাদের লাঞ্ছিত করার প্রতিবাদ করেন এবং শান্তির বাণী তুলে ধরেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে দেশ-বিদেশের শত শত লালন-ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়। শেষ হয় শুক্রবার বিকালে। বাল্যসেবা, পুণ্যসেবা, গুরুকর্ম, গোষ্টগান এবং লালন সঙ্গীত দিয়ে সাজানো হয়েছিলো দু'দিনের এই কর্মসূচি। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলায় লালন ভক্ত ২৮ বাউলকে 'তওবা' পড়িয়ে তাদের মাথার চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়ার ঘটনা ঘটে। সারা দেশে সংস্কৃতি-কর্মীরা এই ঘটনার প্রতিবাদ জানান। বাউল মোহাম্মদ আলী ফকির ১৩ জনকে আসামি করে ৯ এপ্রিল পাংশা থানায় মামলা দায়ের করেন। ১১ এপ্রিল সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। ১৬ এপ্রিল হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর হাইকোর্ট বাউলদের জীবন ও সম্পদ রক্ষায় একটি নির্দেশ জারি করে। পরে 'সমঝোতার ভিত্তিতে' মামলা প্রত্যাহার করে নেন বাউলেরা। হামলাকারীরা আদালতে আত্মসমর্পন করে। বাউল মোহাম্মাদ আলীর বাড়ির পাশে বিশাল প্যান্ডেল তৈরি করে আয়োজন করা হয়েছে সাধুসঙ্গের। সাধুসঙ্গ উপলক্ষে দোকানিরা নানা পসরা সাজিয়ে বসেছিল। বিশেষ করে গ্রামীণ খাবার দোকানগুলো বেশ জমে ওঠে। বাউল গানের গায়ক আনুশেহ্ আনাদিল বলেন, "আজকের এ মহামিলন ছিল অশান্তির বিরুদ্ধে, শান্তির পক্ষে।" প্রখ্যাত লেখক বুদ্ধিজীবী ফরহাদ মাযহার বলেন, "এখানে এসেছি আত্মার টানে, প্রাণের তাগিদে; শেকড়ের ওপর আঘাতের প্রতিবাদ জানাতে।" একই অভিব্যক্তি জানান মার্কিন নাগরিক বাউল ভক্ত সেফথ, সুইডেনের অ্যাডাম্স এবং ব্রিটিশ নাগরিক ইমোজিন। তারা জানান, ৫ এপ্রিলের ঘটনার প্রতিবাদ জানাতেই তারা এখানে এসেছেন। এসেছেন লালনের শান্তির বাণী শুনতে। বাউল মোহাম্মাদ আলী ফকির বলেন, "আমার বাড়িতে মৌলবাদীরা হামলা করে সাধুসঙ্গ ভেঙ্গে দিয়েছিলো, বাউলদের চুল গোঁফ কেটে নিয়েছিলো। "ক্ষমাই বাউলদের ধর্ম। আবার সাধুসঙ্গ হয়েছে, এজন্য আমি খুব খুশি। আজ আমার মনটা জুড়িয়ে গেছে।" রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল মান্নান জানান, অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কয়েকজন এলাকাবাসী জানান, দুর্গম অঞ্চলে হওয়ার কারণে ভক্তদের যাতায়াতে খুব সমস্যা হয়। তারা জেলা সদরের সঙ্গে চররামনগর গ্রামের রাস্থাটি সংস্কারের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/ডিডি/১৮৫৩ ঘ.