২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-ভোটিং কোনোভাবেই মানা হবে না: খালেদা

সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, "নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের করতে হবে। ইলেক্ট্রনিক ভোটিং কোনোভাবে মেনে নেওয়া হবে না। অনেক দেশে ওই পদ্ধতি চালু হলেও পরে কারচুপির কারণে তা বন্ধ করে দেয়া হয়েছে।" আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রাখার দাবিও জানিয়েছেন তিনি। দেশে 'নব্য বাকশাল' চেপে বসেছে বলেও দাবি করেন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। গত ১ মার্চ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচনে সবকটি আসনে অথবা বড় পরিসরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি হিসেবে ই-ভোটিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত আমরা ইতোমধ্যে নিয়েছি। এর প্রাথমিক উদ্যোগ হিসেবে বুয়েট ও বিএমটিএফকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বলা হয়েছে। দেশজুড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালুর উদ্যোগ নিতে ইসিকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে গত বছরের ২২ নভেম্বর জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেবে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া বলেন, "আজ নব্য বাকশাল চেপে বসেছে। দেশে গণতন্ত্র নেই। স্বৈরতন্ত্র চলছে। সংসদে কথা বলার সুযোগ নেই।" এর থেকে উত্তরণে মধ্যবর্তী নির্বাচনের দাবি পুনরুল্লেখ করে সবাইকে রাস্তায় নামার আহবানও জানান তিনি। রাতে গুলশানের কার্যালয়ে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জাতীয়তাবাদী দল সমর্থিত 'সোনালী দল'-এর সভাপতি অধ্যাপক রোবহান উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ উপলক্ষে এই মতবিনিময় হয়। বিশ্ববিদ্যালয়ের বিগত নির্বাচনে ১১টি পদের মধ্যে তাদের প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি পদে বিজয়ী হয়। সংবিধান সংশোধন নিয়ে 'লোক দেখানো' বৈঠক করা হয়েছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, "এ নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। বাকশালে ফিরে যাওয়ার জন্যই সংবিধান সংশোধনের এই চেষ্টা হচ্ছে।" মধ্যবর্তী নির্বাচন দেশের শতকরা ৯৫ ভাগ মানুষের দাবি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "সরকার আড়াই বছরে সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এ দেশকে বাঁচাতে হলে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের দুঃশাসন থেকে উদ্ধার পেতে হবে।" সরকারের সমালোচনা করে খালেদা বলেন, "এ সরকার দেশ পরিচালনা করতে আসেনি। তারা এসেছে লুটপাট আর বিদেশি প্রভুদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য। সেই কাজগুলোই তারা করছে। পরিকল্পিতভাবে এ দেশ শেষ করে দেওয়া হচ্ছে।" শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুকসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আবু জাফর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক মাসুমা হাবিব, সোনালী দলের সহসভাপতি আজিজুল হক, কোষাধ্যক্ষ আবুল হাশেম, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের (এ্যাব) নৈতা সচিব শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৫০ ঘ.