ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মে মাসের প্রথম দিন থেকে 'রূপসী বাংলা হোটেল' নামে পরিচিত হবে ঢাকা শেরাটন হোটেল।
শনিবার সকাল সাড়ে ১১টায় পাঁচ তারা এ হোটেলের মার্বেল রুমে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নতুন নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শেরাটন হোটেলে সহকারী ব্যবস্থাপক (যোগাযোগ) জিয়া মহিউদ্দিন।
বৃহস্পতিবার রাত ১০টায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এখন পর্যন্ত অফিশিয়ালি হোটেলের নাম শেরাটনই রয়েছে। শনিবার থেকে রাজধানীর এ হোটেল নতুন নামে পরিচিত হবে।"
১৯৬৭ সালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল নামে এ হোটেলের যাত্রা শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার পর এর মালিকানা পায় রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড।
বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৭৩ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত হোটেল ম্যানেজমেন্ট সংস্থা ইন্টারকন্টিনেন্টাল হোটেল করপোরেশন এ হোটেল পরিচালনার দায়িত্ব পালন করে। তখন ওই কোম্পানির নামেই হোটেলটি পরিচিত ছিলো।
১৯৮৪ সালে এ হোটেলের দায়িত্ব নেয় শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশন। হোটেলের নাম বদলে হয় শেরাটন হোটেল। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০০৮ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর ২০১১ পর্যন্ত তা বাড়ানো হয়। সেই মেয়াদও শেষ হয়ে যাওয়ায় আবারো নাম বদল হচ্ছে পাঁচ তারা এ হোটেলের।
রূপসী বাংলা হোটেলের মার্কেটিং কমিউনিক্যাশন ম্যানেজার পরিচয়ে মো. শহীদুস সাদেক তালুকদার বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানান, হোটেল শেরাটন শনিবার আনুষ্ঠানিকভাবে 'রূপসী বাংলা' নামে কার্যক্রম শুরু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি এখন পর্যন্ত শেরাটন হোটেলের কমিউনিকেশনস অফিসার। শনিবার থেকে রূপসী বাংলা হোটেলের ম্যানেজার (কমিউন্যাকশন) হিসেবে পরিচিত হবো।"
বিডিনিউজ টোয়েঢন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২২৫৩ ঘ.
bdnews24