২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জালিয়াতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আবুল কালাম আজাদসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আবুল কালাম আজাদসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অন্য অভিযুক্তরা হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত নিবন্ধক (রেজিষ্ট্রার)ও বর্তমান মানবসম্পদ পরিচালক শমশের-উজ-জামান, উপনিবন্ধক (ডেপুটি রেজিস্ট্রার, পরিষদ) মো. শহীদুর রহমান, উপনিবন্ধক (ডেপুটি রেজিস্ট্রার) মো. নূরুল আমিন, সাবেক চুক্তিভিত্তিক ডীন শের মোহাম্মদ, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও মহাবিদ্যালয় পরিদর্শক মো. আবদুল হামিদ, সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ফিরোজা বেগম ও মো. হাফিজ উদ্দিন। বৃহস্পতিবার বিকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এএইচএম হাবিবুর রহমান জিন্নাহ এ আদেশ দেন। এ আদালতের অতিরিক্ত পিপি মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন। আগামী ৪ জুলাই এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মো. হাফিজ উদ্দিন মারা যাওয়ায় তাকে অভিযোগ গঠন থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের সময় আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। ২০০৯ সালের ৬ মে ধানমণ্ডি থানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমান জালিয়াতির মাধ্যমে ওই বিশ্ববিদ্যালয়ে ৭৬৫ জন লোক নিয়োগের অভিযোগে মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একটি ইংরেজি দৈনিকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৭৬৫ জন লোককে নির্বাচনী বোর্ডের জাল দলিল তৈরি করে নিয়োগের জন্য সুপারিশ করে এবং নিয়োগ দেন। মামলায় আরো উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবৈধ গণনিয়োগ বাণিজ্যের মাধ্যমে আসামিরা ৭০ থেকে ৮০ কোটি টাকা হাতিয়ে নেয়। ওই অবৈধ নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে তারা পাঁচশ কোটি টাকারও বেশি তসরুপ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/২০২৯ ঘ.