খাগড়াছড়ি, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড় ও মানিকছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারা এগারো দিন পর প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর ২টায় তা প্রত্যাহার করে।
ভূমি বিরোধকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল পাহাড়ি-বাঙালি সংঘর্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় রামগড় ও মানিকছড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিলো।
পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়ে আসায় বৃহস্পতিবার তা প্রত্যাহার করা হয় বলে জানান জেলা প্রশাসক আনিস-উল-হক ভূঁইয়া।
খাগড়াছড়ির পুলিশ সুপার আবুল কালাম সিদ্দিক জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত। বাড়তি সতর্কতা হিসাবে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
রামগড় সংহিস ঘটনার কারণ অনুসন্ধাণে গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, তদন্ত কাজ শেষ হয়েছে। তবে প্রতিবেদন লেখা শেষ হয়নি। তিনি আশা করছেন, আগামী কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রামগড় উপজেলার গুইমারা এলাকার বড়পিলাক মৌজায় রিয়ংম্রং ও শনখোলা গ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে তিন বাঙালি এবং এক শিশুসহ দুই আদিবাসী নিহত হয়। পাল্টাপাল্টি অগ্নিসংযোগে বাঙালিদের ৮টি ও আদিবাসীদের ৯২টি ঘর
ভস্মীভূত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৪ ঘ.
bdnews24