সুনামগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারের ৭০ জন ব্যবসায়ী ইউএনও মো. আবুল হাশেমের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের নাম করে ইউএনও আবুল হাশেম ৭০ জন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর কাছ থেকে ২লাখ ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। যারা চাঁদা দিতে আগ্রহ দেখাননি তাদেরকে হুমকি-ধামকি দিয়ে চাঁদা আদায় করা হয়।
সাচনা বাজার বণিক সমিতির সদস্য এই ব্যবসায়ীরা অভিযোগে বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত কোন সরকারের আমলেই কোন অনুষ্ঠানের জন্য তাদেরকে চাঁদা দিতে হয়নি। এবার জোর করে চাঁদা আদায় করা হলো। চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখাচ্ছেন।
সাচনা বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আল আজাদ বলেন, "ব্যবসায়ীরা অসহায়। কথা বলতে গেলেই ইউএনও ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখান। কোন প্রতিকার না হলে ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।"
ইউএনও মো. আবুল হাশেম তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন।
জেলা প্রশাসক ফয়জুর রহমান জানান, বিয়ষটি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫৮ ঘ.
bdnews24