ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা থাকায় এখন তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিন মেয়াদের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "৯০ দিন সময়সীমার মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না- এমন পরিস্থিতি হবে বলে মনে করছি না।"
বুধবার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে মত দেন।
প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে তিন মাসের মধ্যেই নির্বাচন করতে হবে। এর মধ্যে না পারলে পূর্ববর্তী সরকারের অধীনে নির্বাচন হবে।
আওয়ামী লীগের এই প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করলে শামসুল হুদা বলেন, "আইনে যে বিধান থাকবে- কমিশন সে অনুযায়ীই কাজ করবে। আইনের ব্যত্যয় করার কোনো সুযোগ কমিশনের থাকে না।"
সিইসির মতে, বর্তমান কমিশন যে নির্ভুল ভোটার তালিকা রেখে যাচ্ছে, তাতে স্বল্প সময়ের নোটিশে যে কোনো নির্বাচন করা সম্ভব। ভোটের আগে শুধু হালনাগাদ করতে হবে। এর বেশি তেমন কোনো কাজই আগামী কমিশনের সামনে থাকবে না।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্র"য়ারিতে শেষ হবে।
আগামী কমিশনের জন্য সবকিছু প্রস্তুত করে রাখা হচ্ছে জানিয়ে শামসুল হুদা বলেন, "দশম জাতীয় সংসদ নির্বাচনের অন্তত এক বছর আগে কমিশন পুনর্গঠিত হবে। ওই কমিশন যেমনই হোক, তারা চাইলে স্বল্প সময়ের নোটিশে নির্বাচন করতে পারবে বলে মনে করি।"
২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান নিবাচন কমিশন গঠিত হয়।
ভোটার তালিকা নিয়ে বিতর্কের কারণে ওই সময় নির্বাচন স্থগিত করা হয় এবং ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রায় দুই বছর পর নির্বাচন হয়। সবার ঐক্যমত্যের ভিত্তিতে ছবিসহ ভোটার তালিকা তৈরি হতে প্রায় দেড় বছর সময় লাগে।
সংলাপের প্রস্তুতি চলছে
এক প্রশ্নের জবাবে শামসুল হুদা জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসার বিষয়ে জানতে আরো একটু অপেক্ষা করতে হবে। কমিশন এখন সংলাপের এজেন্ডা ও নথি প্রস্তুত করছে। দলগুলোকে কোন ক্রম অনুসরণ করে আমন্ত্রণ জানানো হবে তা ঠিক করতে হবে।
তিনি জানান, কমিশন নিবন্ধিত ৩৮টি দলকেই সংলাপের আমন্ত্রণ জানাবে। এবার দলগুলোকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কার্যপদ্ধতি দেখানো হবে। বুয়েটের বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরির বিশেষজ্ঞরাও এ সময় উপস্থিত থাকবেন।
ইউপি নির্বাচন
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কমিশন বিশেষ কোনো উদ্যোগ নেবে কি-না জানতে চাইলে সিইসি জানান, নিয়ম-কানুন আগের মতোই থাকবে। তবে এবার কমিশন কোনো লম্বা বিচারে যাবে না। সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়া হবে।
১০ পুলিশ পরিবারকে সাহায্য
গত পৌরসভা নির্বাচনের আগে নির্বাচনী ব্রিফিংয়ে অংশ নিতে যাওয়ার পথে নরসিংদীতে নিহত ১০ পুলিশ সদসস্যের পরিবাবের হাতে বৃহস্পতিবার আর্থিক সাহায্যের চেক তুলে দেন সিইসি। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।
ইসির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে পুলিশ মহা পরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কমিশন সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৯৪০ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স'৩ মাসে না হলে আগের সরকারের অধীনে নির্বাচন'
bdnews24