২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় গৃহবধূসহ চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক ঘটনায় গৃহবধূসহ চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মিরপুরের পল্লবী এলাকার একটি বাড়ি থেকে বুধবার রাতে খাদিজা আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। খাদিজার বাবা মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, "খাদিজার স্বামী রিয়াজ হাওলাদার টাকার জন্য তাকে প্রায়ই মারধর করতো। এ কারণে খাদিজা আত্মহত্যা করতে পারে।" মোহাম্মদপুর বেড়িবাধ সংলগ্ন রেডিমেইড কনকর্ড এলাকা থেকে খাতের আলী (৩০) নামে এক যুবককে বৃহস্পতিবার ভোরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হারেস আলী নামে এক আনসার সদস্য তাকে হাসাপাতালে নিয়ে আসেন। হারেস সাংবাদিকদের বলেন, খাতের আলী আনসার বাহিনীতে যোগ দিতে বুধবার বগুড়া থেকে ঢাকায় আসেন। রাতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ময়ূরীর চরে। এদিকে বুধবার রাতে হাজারীবাগ কালুনগর বেড়িবাধ এলাকায় ট্রাকের ধাক্কায় মোজাহার (৫৫) নামে এক রিকশা চালক আহত হন। ভোররাত ৪টার দিকে স্থানীয়রা ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় বাতেন (৩৫) নামে যুবককে ঢামেক হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রত্যেকটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এএল/১৯১৫ ঘ.