মেহেরপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে অটোবাইক চালকদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার থেকে জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
এর ফলে সারাদেশের সাথে মেহেরপুর জেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকালে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে মোটর শ্রমিক ইউনিয়ন এবং অটোবাইক চালক সমিতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে।
গত ২৪ এপ্রিল বাস শ্রমিকরা অটোবাইক চলাচলে বাধা সৃষ্টি করলে তাদের সঙ্গে অটোবাইক চালকদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়।
মেহেরপুর জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম ২৬ এপ্রিল রাতে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বাস শ্রমিকরা বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বারের মত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে।
মেহেরপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, উভয়পক্ষ মেহেরপুর শামসুজ্জোহা পার্কে একই সময়ে প্রতিবাদ সভা আহ্বান করায় শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩৭ ঘ.
bdnews24