ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের বিষয়ে মতামত নিতে গণমাধ্যমের সম্পাদক ও বিশিষ্ট জনের সঙ্গে আগামী ৩ ও ৪ মে আলোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি।
লিখিত আকারে দিলে সিপিবির প্রস্তাবও বিবেচনা করা হবে। এছাড়া বিএনপি মতামত দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করলে নেওয়া হবে তাদের মতামতও।
বৃহস্পতিবার সংসদ ভবনের প্রচার কক্ষে এক অনির্ধারিত ব্রিফিংয়ে এসব বলেন বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, "সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে। সংবিধান সংশোধনে তাদের মতামত নেওয়া হবে না তা হতে পারে। এজন্য সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদকদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
"দেশের বিশিষ্ট জনের মতামতও নেব।"
সংসদ ভবনে আগামী ৩ মে ও ৪ মে পর্যায়ক্রমে বিশেষ কমিটির বৈঠকে আসার জন্য তাদের আমন্ত্রণ পাঠানো হবে বলে জানা সুরঞ্জিত।
দেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধনের বিষয়ে তাদের প্রস্তাব তুলে ধরে।
এ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, "সিপিবি সংবিধান সংশোধনে মতামত দিতে চেয়েছে। কিন্তু সংসদে প্রতিনিধিত্ব না থাকায় বৈঠকে আমন্ত্রণ জানিয়ে তাদের মতামত নেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাদের লিখিত মতামত নেবে কমিটি।"
"সিপিবি একটি প্রাচীন রাজনৈতিক দল। তারা মতামত দিতে চাইলে বিশেষ কমিটি অসম্মান করবে না। লিখিত আকারে দলটি মতামত পেলে কমিটি তা বিবেচনা করবে।"
এখনো মতামত দিতে পারে বিএনপি
প্রধান বিরোধী দল বিএনপি বিশেষ কমিটির কাছে মতামত দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করলে এখনো তাদের মতামত নেওয়া হবে বলে জানান বিশেষ কমিটির কো-চেয়ারম্যান।
আবার আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "একবার আমন্ত্রণ জানানোয় দুরভিসন্ধিমূলক বলা হয়েছে। এরপর আর কী শব্দ আছে, জানি না। তবে তারা মতামত দিতে চাইলে আসতে পারেন।"
সুরঞ্জিত বিএনপিকে উদ্দেশ করে বলেন, সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কিনা, ধর্মভিত্তিক দলের বিষয়ে তাদের অবস্থান কী? কোন বিষয়ে তাদের নোট অব ডিসেন্ট আছে- তাও তো এসে বলতে পারে। এসব বিষয়ে বিএনপির মতামত দিতে অসুবিধা কোথায়?
আ. লীগের প্রস্তাব গুরুত্ব পাবে
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বুধবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব প্রস্তাব দিয়েছেন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
"তবে এটা বলতে পারি না- সব প্রস্তাবই গ্রহণ করা হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সুনির্দিষ্ট করার প্রস্তাব রাখার পাশাপাশি অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল বন্ধ, সংরক্ষিত নারী আসন বৃদ্ধি, তত্ত্বাবধায়ক সরকারের পরিরি বাড়ানো, রাষ্ট্রধর্ম, বিসমিল্লাহ, ফ্লোর ক্রসিং, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা রোধ, বিচারপতিদের অভিসংশনসহ বেশ কিছু বিষয়ে দলটি মতামত দিয়েছে।
আওয়ামী লীগ বলেছে, নির্ধারিত ৯০ দিনের নির্বাচন করতে না পারলে ওই তত্ত্বাধায়ক সরকার বাতিল হয়ে যাবে। একই সঙ্গে আগের সরকার পুনর্বহাল হবে এবং তার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনদিনের ধারাবাহিক বৈঠকের কথা তুলে ধরে কো-চেয়ারম্যান জানান, সবার সতামত নেওয়ার পর বিশেষ কমিটি তা পর্যালোচনা করবে। এরপরই বিশেষ কমিটি প্রতিবেদন চূড়ান্ত করবে। আগামী সংসদ অধিবেশন তা বিল আকারে উপপস্থাপন করা হবে বলে আশা করেন তিনি।
গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়। এ পর্যন্ত ওই কমিটি নিজেদের মতামতের বাইরে রাজনৈতিক দল, সাবেক প্রধান বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24