২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ফান্ড নিবন্ধিত

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ফান্ডের ট্রাস্ট ডিড নিবন্ধন শেষ করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ফান্ডের ট্রাস্ট ডিড নিবন্ধন শেষ করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বৃহস্পতিবার সকালে মতিঝিলের আইসিবি'র কার্যালয়ে ৫ হাজার কোটি টাকার এ তহবিলের নিবন্ধন হয় বলে জানিয়েছেন আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। তিনি বলেন, "আজকেই (বৃহস্পতিবার) আমরা এ নিবন্ধনের কপি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠিয়ে দেবো। রোববারের মধ্যে তা অনুমোদন হয়ে যাবে বলে আশা করছি।" গত ৯ এপ্রিল প্রস্তাবিত বাংলাদেশ তহবিল গঠনে অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করে আইসিবি। এর সঙ্গে অংশগ্রহণকারী বাকি ছয়টি প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ উন্নয়ন ব্যাংক এবং জীবন বীমা করপোরেশন। ফায়েকুজ্জামান বলেন, "নিয়ম অনুযায়ী এ ধরনের ফান্ডে অনুমোদনের সময় তহবিলের ১০ শতাংশ জমা রাখতে হয়। এ কারণে আজ ৫০০ কোটি টাকা জমা দিয়ে দিবে আইসিবি।" তহবিলের বাকি অর্থ অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানগুলো পরিশোধ করবে। ফায়েকুজ্জামান আরো বলেন, এ ফান্ড নিয়ে অনেকের নানা রকম আশঙ্কা থাকলেও আমরা ফান্ড গঠনের সর্বশেষ প্রক্রিয়াটিও আজকে (বৃহস্পতিবার) সম্পন্ন করেছি। ৫ হাজার কোটি টাকার এ বাংলাদেশ ফান্ডের অর্ধেক ব্যবহার হবে শেয়ার বাজারের ব্যবস্থাপনার উন্নয়নের জন্য। আর বাকিটা অর্থবাজারে ব্যয় করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.