সিরাজগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে বিএনপির দুটি পক্ষ সভা ডাকায় সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০টায় এনায়েতপুরের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপি বর্ধিত সভা আহ্বান করে। ওই স্থানে একই সময়ে দলের অন্য একটি সভা করার ঘোষণা দেয়।
ফলে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টা পর্যন্ত বিদ্যালয় মাঠ এবং সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
মাঠে পুলিশ মোতায়েন থাকায় বিএনপির কোনো পক্ষই সভা করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24