ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও মানব পাচারের অভিযোগে আরো ১০টি এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার।
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
অনিয়মের কারণে এ ১০টিসহ নতুন করে ১০৬টি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ২১ এপ্রিল প্রতিমন্ত্রী জানান, অনিয়মের কারণে আটটি হজ এজেন্সির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া জরিমানা করা হয় আরো কয়েকটিকে।
২০১০ সালে হজে গিয়ে ১ হাজার ৭৩৮ জন আর দেশে ফেরেনি বলে মন্ত্রণালয় তথ্য পাওয়ার পরই বিভিন্ন হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়।
২০১০ সালে ৩১৩টি এজেন্সি ৯০ হাজার ৬৯৬ জনকে হজে নিয়ে যায়। এর মধ্যে ২৮০টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে মন্ত্রণালয়।
সৌদি আরবের নিয়ম অনুযায়ী কোনো এজেন্সির সর্বোচ্চ ২ শতাংশের বেশি হজযাত্রী সংশ্লিষ্ট দেশে ফেরত না গেলে তা মানব পাচার হিসেবে দেখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24