২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশটি খুনের জন্য চুক্তি হয়েছিল

এক খুন দুই লাখ টাকা হিসাবে ১০ জনকে খুনের চুক্তি হয়েছিল। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লায় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কবির হোসেন হন প্রথম খুনের শিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক খুন দুই লাখ টাকা হিসাবে ১০ জনকে খুনের চুক্তি হয়েছিল। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লায় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কবির হোসেন হন প্রথম খুনের শিকার। হত্যায় অংশ নেয় ছয় খুনি। খুনের তালিকায় আরো যে নয়জনের নাম রয়েছে তার মধ্যে তিনজনের নাম জানিয়েছে খুনীরা। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় একই এলাকার সালেহা বেগমের সঙ্গে বিরোধ বাধে এমন ১০ জনকে হত্যার জন্য সালেহা বেগম নামে এক মহিলা চুক্তি করেন সন্ত্রাসীদের সঙ্গে। কিন্তু খোকনকে খুন করা হলেও সালেহা বেগম গ্রেপ্তার হওয়ায় টাকার ভাগ পায়নি খুনি। বুধবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের আদমজীনগরে র‌্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে গ্রেপ্তার কাজল এ তথ্য দেয়। এরপর বিকালে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শরীফুর রহমানের আদালতে কাজল ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায়ও জবানবন্দি দিয়েছে। এর আগে র‌্যাব-১১ আদমজীনগর ক্যাম্পের একটি দল ঢাকার যাত্রাবাড়ি থেকে আসামী সালেহা বেগমের স্বামী ইদ্রিস ও নেত্রকোনা থেকে হত্যাকান্ডের মূল আসামি কাজলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে কাজল র‌্যাবকে জানায়, সালেহা বেগমের সঙ্গে তার ১০টি খুন করার জন্য চুক্তি হয়। প্রতিটি খুনের জন্য তাকে দুই লাখ টাকা দেওয়ার কথা। এর অংশ হিসেবে প্রথম জবাই করে হত্যা করা হয় পৌষা পুকুরপাড় এলাকার স্থানীয় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কবির হোসেন খোকনকে। খুনের তালিকার অপর ৯ জনের মধ্যে তিনজনের নাম সে প্রকাশ করেছে। বাকি ৭ জনের নাম জানাতে পারেনি। তিনজন হলেন- পৌষা পুকুরপাড় এলাকার আনোয়ার হোসেন, কোতালেরবাগ এলাকার ভিসিডি রিপন ও বোরহান উদ্দিন। পৌষা পুকুর এলাকায় অসামাজিক কার্যকলাপের আখড়া গড়ে তুলেছিল সালেহা বেগম। এ নিয়ে বিভিন্ন সময় যাদের সঙ্গে তার বিরোধ বাধে এরকম ১০ জনকে হত্যার জন্য সালেহা বেগম চুক্তি করে সন্ত্রাসীদের সঙ্গে। কাজল জানায় সে ইলেকট্রিক মিস্ত্রীর কাজ করতো। কাজল সাংবাদিকদের জানায়, গত ২২ এপ্রিল তিনটায় গ্রেপ্তারকৃত মনির হোসেন সদর উপজেলার ফতুল্লার লালপুরে একটি চা দোকানে তাকে ডেকে নিয়ে বলে কবির হোসেনকে খুন করলে সালেহা বেগম দুই লাখ টাকা দেবে। তখন সেখানে উপস্থিত কাজল, মাজেদুল, নুর ইসলাম ও লিটন মিলে খোকনকে হত্যার পরিকল্পনা করে। ওইদিন রাত সাড়ে ১২টায় মনির হোসেন মোবাইল ফোনে খোকনকে ডেকে আনে। প্রথমে মনির ও পরে কাজল, মাজেদুল, লিটন, জুয়েল ও নুর ইসলাম মিলে খোকনকে জবাই করে। হত্যার পর লাশ পৌষা পুকুরপাড় এলাকার পাকিস্তানী খাদ বলে পরিচিত পুকুরে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। খুনের পর টাকা দেওয়ার কথা থাকলেও সালেহা বেগম গ্রেপ্তার হওয়ায় তারা টাকার ভাগ পায়নি। র‌্যাব-১১ এর পরিচালক গাজী আহসানুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে র‌্যাবের একটি দল খোকন হত্যার মূল পরিকল্পনাকারী সালেহা বেগমের স্বামী ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে নেত্রকোনা থেকে কাজলকে গ্রেপ্তার করা হয়। প্রতিটি খুনের জন্য তাদের দুই লাখ টাকা করে দেওয়ার কথা ছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, বুধবার বিকালে কাজল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শরীফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলল্লার পৌষাপুকুর পাকিস্তান খাদ নামের একটি পুকুর থেকে কবির হোসেন খোকনের (৫০) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যার ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে। এ ঘটনায় পুলিশ সালেহা বেগমকে গ্রেপ্তার করে। এই মামলার অপর এক আসামি মনির হোসেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.