ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমানসহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে আগামি ১৮ মে অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আদালত।
বুধবার ঢাকার ৯ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক মনির কামাল আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের জন্য এ তারিখ নির্ধারণ করেন।
গত ৩১ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে বলা হয়, গত বছর ২৮ অক্টোবর আসামিরা মিরপুরের ১ নম্বর সেকশনের কলওয়ালাপাড়ার মাহফুজুর রহমানের বাড়িতে বসে 'দেশবিরোধী' কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে একটি সভায় মিলিত হয়। ওই সময় বোমা তৈরির সরঞ্জাম ও জঙ্গি প্রচারপত্রসহ পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সেদিনই উপ পরিদর্শক গোলাম নবী বাদী হয়ে মিরপুর থানায় বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন।
মামলার বাকি ১৯ আসামি হলেন- রুবেল মৃধা, শফিকুল ইসলাম, তাজিজুর ইসলাম, মাহফুজুর রহমান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, ইদ্রিস খান, আবদুল্লাহ আল নোমান, ইয়াসিন, নাজমুল হাসান, হেমায়েত উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আব্দুল করিম আকন্দ, হারিজ মুহাম্মদ, মোয়াজ্জেম হোসেন, রোকন উদ্দিন, আহসানউল্লাহ পাটোয়ারী, রফি উদ্দিন, অ্যাডভোকেট আবদুল হাই।
আসামিদের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মজিবুর রহমানসহ আসামিরা এ মামলায় জামিনে থাকলেও রুবেল মৃধা ও শফিকুল ছাড়া বাকিরা অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন।
রুবেল মৃধা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গ্রেফতারের পর আদালতে হাজির করার দিনই তাকে জামিন দেওয়া হয় বলে আব্দুর রাজ্জাক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২৩৪ ঘ.
bdnews24