বাগেরহাট, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আব্দুল হাকিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
মোহম্মদ আব্দুল হাকিম বর্তমানে ভোলার অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিমের আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন মোল্লাহাট প্রেসক্লাবের একাংশের গঠিত কমিটির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ।
বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে বুধবার।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে স্থানীয় সাংসদ শেখ হেলাল উদ্দিন এবং নারী সাংসদ নাজমা আক্তার মোল্লাহাট প্রেসক্লাব উন্নয়নে টিআর'র তিন টন চাল বরাদ্দ করেন।
ওই কাজের অংশ হিসেবে পাকাঘর নির্মাণের উদ্যোগ নিলে ওই বছরের ৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাকিম বাদীসহ প্রেসক্লাবের কয়েকজন সদস্যকে ডেকে বিশ হাজার টাকা ঘুষ দাবি করেন।
কিন্তু তারা ঘুষ না দেওয়ায় ইউএনও কাজ বন্ধ করে দেন এবং ৩০ অগাস্ট নির্মাণ কাজের জন্য মজুদ করে রাখা রড, ইট, বালু ও খোয়া নিয়ে যান।
এ ব্যাপারে বুধবার বিকালে ভোলায় কর্মরত অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোহম্মদ আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা পরিষদের সীমানার ভেতরে সরকারি সম্পত্তিতে মোল্লাহাট প্রেসক্লাবের নামে গত বছর পাকা ইমারত নির্মাণের চেষ্টা করা হয়।
তখন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই 'অবৈধ' নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
সাংবাদিকদের কাছে ঘুষ দাবির কথা তিনি অস্বীকার করেন।
তিনি আরো বলেন, "মোল্লাহাট প্রেসক্লাবে সাংবাদিকরা দুইভাগে বিভক্ত। এক অংশ উদ্দেশ্যমূলকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে এ মিথ্যা মামলা সাজিয়েছে। আমি ২০১১ সালের ৪ এপ্রিল মোল্লাহাট থেকে বদলী হই। এতদিন তারা কোনো মামলা করেননি।"
মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লাহ মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি সম্পত্তিতে এভাবে পাকা ভবন নির্মাণের বিধান না থাকায় নির্মাণের কাজ শুরুর পর উপজেলা পরিষদের মাসিক সভায় সিদ্ধান্ত নিয়ে কাজ বন্ধ করা হয়।
"ওই সিদ্ধান্ত অনুযায়ী ইউএনও কাজ বন্ধ করেছিলেন। ইউএনও সাংবাদিকদের কাছে বিশ হাজার টাকা ঘুষ চেয়েছেন বলে শুনিনি," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.
bdnews24