নোয়াখালী, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডিসির 'হুমকি' উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার খেলোয়াড়রা।
স্টেডিয়ামের প্রবেশপথে বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে তারা মাঠে অনুশীলন করেন। অবশ্য একই সময় মেলার প্যান্ডেল তৈরির কাজ করতে দেখা যায় শ্রমিকদের।
একই দাবিতে সকালে অনূর্ধ্ব ১৪ ও ১৬ দলের খেলোয়াড়রা নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে মানববন্ধন করে।
এর আগে শহীদ ভুলু স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করায় জেলা প্রশাসক খেলোয়াড়দের দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এরপর মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার জরুরি সভায় বিনা অনুমতিতে মাঠে নামলে খেলোয়াড়দের গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
৪টার দিকে খেলোয়াড়রা স্টেডিয়ামের প্রবেশপথে অবস্থান নেন। ঘণ্টাব্যাপী অবস্থানকালে খেলোয়াড়রা অভিযোগ করেন, বর্তমান ডিসি জেলা ক্রিড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বরত অবস্থায় গত ৭ মাসে স্টেডিয়ামে ছোট-বড় কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি।
এদিকে, স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন নিয়ে বিরোধে জেলার রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সকল মহলে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি মো. শাহজাহান সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রের কোটি টাকা ব্যয় করে স্টেডিয়াম করা হয় খেলোয়াড়দের জন্যে, মেলা আয়োজনের জন্য নয়।"
২০০৯ সালে স্টেডিয়ামে মেলার নামে জুয়া ও সার্কাসের মাধ্যমে শহরের পরিবেশ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/২০৪১ ঘ.
bdnews24