ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামির পক্ষ নিয়ে হত্যা মামলার আলামত নষ্ট করার অভিযোগে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে কর্মরত দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে ঢাকার একটি আদালতে তলব করা হয়েছে।
ওই মামলার মূল আসামিও একজন পুলিশ সদস্য।
যে পুলিশ কর্মকর্তাদের তলব করা হয়েছে তারা হলেন- ওই আদালতে কর্মরত পরিদর্শক মো. শহীদ শুকরানা ও জ্যেষ্ঠ আদালত উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান এবং একই আদালতের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক মো. ইব্রাহীম খলিল।
বুধবার ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. শাহেদ নূর উদ্দিন আগামী ৪ মে তাদের ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
ওই আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় যৌতুকের দাবিতে পুলিশ কনস্টেবল রফিকুল তার স্ত্রী রেহেনা আক্তার বকুলকে প্রায়ই মারধর করতেন। ১৯৯৭ সালের ৬ মে তারিখে স্ত্রীকে খুন করেন তিনি। এ ঘটনায় রফিকুলকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়।
তবে ময়মনসিংহ আদালতে রায়ের পর্যায়ে যাওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মামলাটি পাঠানো হয় ঢাকার আদালতে।
আদালত মামলা সংশ্লিষ্ট নথিপত্র ও আলামত চেয়ে পাঠালে গত ২৫ এপ্রিল ওই পুলিশ কর্মকর্তারা একটি প্রতিবেদন পাঠান, যাতে উল্লেখ করা হয়- গত ৯৮ সালের ২৬ জুলাই এ মামলার আসামিরা খালাস পেয়েছেন। তাই আলামতগুলো ধ্বংস করা হয়েছে।
এই তথ্য সংশ্লিষ্ট আদালতের বিচারককে অবহিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া। এ প্রেক্ষিতে আদালত অভিযুক্তদের কাছে ব্যাখ্যা চেয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/১৯৫২ ঘ.
bdnews24