চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানাধীন মাদারবাড়ি এলাকায় বুধবার ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
নিহত মোহাম্মদ ইউসূফ (২৫) কক্সবাজার জেলার রামু থানাধীন শ্রীকূল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলাম মাঝির ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. জহির উদ্দিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কাওছার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ইউসূফের পেটের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়। এতে তিনজন জড়িত বলে জানতে পেরেছি। অন্য দুই জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোহাম্মদ হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর অবস্থায় ইউসূফকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই কাওছার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/১৮৫০ ঘ.
bdnews24