ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালের জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি-২০১২) লটারির ফল মে মাস থেকে পাওয়া যাবে।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডিভি লটারি ২০১২-এর ফলাফল মে মাসের ১ তারিখ কিংবা তার পর থেকে www.dvlottery.state.gov ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় যারা ডিভি লটারির বিজয়ী হিসেবে চিহ্নিত হবেন তারা তাদের ভিসা প্রাপ্তির জন্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওয়েবসাইটেই নির্দেশনা পাবেন।
ডিভি ভিসা সংক্রান্ত ঘোষণাবলী ই-মেইলের মাধ্যমে পাঠানো হয় না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, এ লটারিতে অংশগ্রহণকারীরা জিতেছে কি না বা ভিসার জন্য আবেদন করার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানোর অধিকার অন্য কোনো প্রতিষ্ঠান বা বেসরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নেই।
ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সে সব দেশ থেকে প্রতি বছর ৫০ হাজার জনকে স্থায়ী অধিবাসী ভিসা দেওয়া হয়।
এই প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত ৩৯ হাজার জন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/পিডি/১৭৫১ ঘ.
bdnews24