ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান পরিবর্তনের চলমান প্রক্রিয়ার মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দাবি আবার তুললেন ব্যবসায়ীদের প্রতিনিধি একে আজাদ।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি বুধবার এক সেমিনারে বলেন, ব্যবসায়ীরা আর একবারের জন্যও তত্ত্বাবধায়ক সরকার চান না।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের 'তিক্ত' অভিজ্ঞতা তুলে ধরে আজাদ বলেন, "আগামীতে তত্ত্বাবধায়ক সরকার এলে ৫০ শতাংশ ব্যবসায়ী দেশ ছেড়ে চলে যাবে।"
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনামলে দুর্নীতিবিরোধী অভিযানে দেশের বহু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং অনেকের সম্পদ বাজেয়াপ্ত করা হয়।
বুধবার সোনারগাঁও হোটেলে দি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত 'বিজনেস ইথিকস্' শীর্ষক ওই সেমিনারে আজাদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং সৎ থাকলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো দরকার নেই।
প্রচলিত ব্যবস্থায় দুর্নীতি দূর করা সম্ভব নয়- মন্তব্য করে তিনি বলেন, পুঁজিবাজারে ধসের জন্য যারা দায়ী তাদের সবাই চেনেন। কিন্তু তাদের কিছুই করা যাচ্ছে না। প্রচলিত ব্যবস্থায় দুর্নীতি দূর করা যাবে না।
এফবিসিসিআই সভাপতি প্রশ্ন রাখেন- প্রধান বিচারপতিসহ মাত্র তিনজন বিচারপতি সম্পদের হিসাব দিলেও বাকিরা কেন দেননি?
সুশাসন প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের সৎ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন আজাদ। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, অনেক সাংসদ ইংরেজিতে ঠিকমতো লিখতে-পড়তে পারেন না।
তবে রাজনীতিকদের দোষারোপ করার জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সেমিনারে বলেন, "ব্যক্তিস্বার্থ সামনে এলে আমরা এথিকস ভুলে যাই। ব্যবসায়ীদের সৎপথে থেকে মুনাফা অর্জন করতে হবে।"
ব্যবসায়ী ও রাজনীতিকদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ড. কামাল হোসেন বলেন, "কিছু ব্যবসায়ী আছেন, যারা সততার সঙ্গে ব্যবসা করছেন না। দু'একজন লোকের জন্য পুরো দেশ ভোগান্তিতে পড়ে।"
দুর্নীতি দূর করতে রাজনীতিক, সাংসদ ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।
ড. কামাল বলেন, "পুঁজিবাজারে জনগণের সম্পদ লুটপাট হয়েছে। এগুলো জনগণকে ফিরিয়ে দিতে হবে।"
"কিছু দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। পরবর্তী প্রজন্মের কাছে আমরা ভালো উদাহরণ তৈরি করে যেতে পারছি না।"
দেশে বিচার ব্যবস্থায় স্বাধীনতা নেই- এমন মন্তব্য করে তিনি বলেন, "যা আমাদের খুবই প্রয়োজন।"
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ-আইবিএফবি'র সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, "দেশে প্রচলিত প্রথা ও নীতির কারণেই ব্যবসায়ীরা দুর্নীতি করতে পারছে।"
স্বাধীনতার ৪০ বছর পরেও ব্যবসায়ীদের জন্য সুনির্দিষ্ট কোনো 'বিজনেজ এথিকস্' প্রতিষ্ঠিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সেমিনারে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বারস অব কমার্স ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই), চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) ও বাংলাদেশ উইম্যান চেম্বারস অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের (বিডাব্লিউসিসিআই) প্রতিনিধিরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/এমআই/এএল/এমআই/১৫৪০ ঘ.
bdnews24