২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে নাটোরে মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

নাটোরে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালানোর অভিযোগে এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

নাটোর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালানোর অভিযোগে এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ছাত্রীকে হয়রানি করার পর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাতে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। কাফুরিয়া ডিগ্রী কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালানোর অভিযোগে সানি বেলাল নামে ওই মাদ্রাসাছাত্রকে কাফুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন। কাফুরিয়া ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, কলেজে যাওয়ার পথে থান্দারপাড়া এলাকায় দস্তানাবাদ গ্রামের নজরুল ইসলামে ছেলে বেলাল এক ছাত্রীকে টেনে হিঁচড়ে পাশের একটি ঘরে নিয়ে যায়। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বেলাল পালিয়ে যায়। এ খবর শুনেই কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করে। তখন পুলিশ বেলালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার বাবাকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে গ্রেপ্তার হন সানি। কাফুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় বেলালের শাস্তি দাবি করেছে শিক্ষার্থীরা। পুলিশও সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। ওসি মামুন বলেন, মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেলালকে বিচারের আওতায় নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১০ ঘ.