২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৩ মাসে না হলে আগের সরকারের অধীনে নির্বাচন'

সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্ট করার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্ট করার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ প্রধান হিসেবে বুধবার সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে সংবিধান সংশোধনের বিষয়ে দলের মত তুলে ধরেন শেখ হাসিনা। বেলা ১২টা ছয় মিনিট থেকে দুই ঘণ্টারও বেশি সময় আওয়ামী লীগ প্রতিনিধি দল বিশেষ কমিটির কাছে মতামত তুলে ধরেন। এর মধ্য দিয়ে আইনজ্ঞ ও রাজনৈতিক দলের সঙ্গে বিশেষ কমিটির তিনদিনব্যাপী ধারাবাহিক বৈঠক শেষ হলো। বৈঠকের পর দলের মত বিষয়ে বিকাল ৪টার পর গণভবনে ঘণ্টাব্যাপী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। হাসিনা তার প্রস্তাব প্রসঙ্গে বলেন, "তত্ত্বাবধায়ক সরকারকে তিন মাসের মধ্যেই নির্বাচন করতে হবে। এর মধ্যে নির্বাচন করতে না পারলে পূর্ববর্তী সরকারের অধীনে নির্বাচন হবে।" বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে পুনরায় নেওয়ার পক্ষেও অবস্থান প্রকাশ করেন তিনি। হাসিনা বলেন, সংসদ রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে, বিচারপতিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি, তাহলে বিচারপতিদের ইম্পিচ করা যাবে না কেন? তবে দুপুরে বৈঠক শেষ হওয়ার পরপরই আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, "বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে না নেওয়ার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী।" শফিক জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতিদের বিকল্প খুঁজতে আরো আলোচনা প্রয়োজন বলে প্রধানমন্ত্রী মনে করেন। সংবিধান সংশোধন নিয়ে রোববার প্রথম দিনের আলোচনায় বেশ কয়েকজন সাবেক বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারে বিচারপতিদের রাখার বিধান বাতিলের সুপারিশ করেন। সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে আওয়ামী লীগের প্রায় ২০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংসদীয় কমিটি প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করে। সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে সংসদীয় কমিটির সদস্যরা বৈঠকে ছিলেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন- উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম, আবুল মাল আব্দুল মুহিত, আবদুল জলিল, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ুন, মহীউদ্দিন খাল আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম, আবুল হাসানাত আবদুল্লাহ প্রমুখ। সংবিধান সংশোধনের এ প্রক্রিয়া কেন প্রধানমন্ত্রী বলেন, "প্রজাতন্ত্রের মালিক জনগণ- এটা যেন প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রেখে সংবিধান সংশোধন যেন করা হয়।" গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষে তার সরকারের অবস্থান তুলে ধরে হাসিনা বলেন, "তা না হলে দেশের অর্থনৈতিক উন্নতি হয় না। জনগণের আস্থা ও বিশ্বাস রেখেই যেনো সংবিধান সংশোধন হয়। "৪০ বছর পর যে সুযোগ এসেছে, স্বাধীনতা ও মুক্তিযদ্ধের মূল চেতনায় দেশ আবার জাগ্রত। সংবিধানটাও জনগণের আকাঙ্খা অনুযায়ী হতে হবে।" সংখ্যাগরিষ্ঠ দল হয়েও সবার মত নেওয়ার বিষয়ে তিনি বলেন, "আমরা সবার মত নিতে চাই। সবার সাজেশন নিয়েই এ সংশোধনীটা আনতে চাই আমরা। পার্লামেন্টে আমাদের যে শক্তি আছে, তাতে আমরা নিজেরাই পারি। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের সে অধিকার আছে। তারপরও সবার সঙ্গে মতামত নিয়ে জনগণের আকাক্সক্ষা পূরণ করছি।" আওয়ামী লীগ সভানেত্রী জানান, অসাংবিধানিক পন্থায় যেন কেউ ক্ষমতায় আসতে না পারে- তার পথ বন্ধ করার কী উপায় আছে; তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগে বিচার বিভাগের ওপর যেন প্রভাব না পড়ে; সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিছমিল্লাহির রহমানির রাহিম থাকবে কি না; সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০ করা বিষয়ে সুনির্দিষ্ট মত দিয়েছেন তারা। তত্ত্বাবধায়ক সরকারের সুনির্দিষ্ট মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্ট করার বিষয়ে আওয়ামী লীগ কোনো প্রস্তাব দিয়েছে কি না জানতে চাইলে শেখ হাসিনা বলেন, "৯৮-তে [সংবিধানের ৯৮ অনুচ্ছেদ] যেটা নেই, সেই সূত্র ধরে কোনো কোনো সংবিধান বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাড়ানোর পথ দেখিয়ে দিয়েছিল। "তাতে আমরা প্রস্তাব রেখেছি একটি সুনির্দিষ্ট সময় থাকতে হবে। ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে।" ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে না পারলে ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার প্রস্তাব দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, "এমন একটা বিধিব্যবস্থা থাকা উচিত, জানি না এটা গ্রহণ করবে কি না, সময়টা নির্দিষ্ট করে দেওয়া। যার ফাঁক দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট নিজেদের টেক কেয়ার করতে শুরু করলো, সে সুযোগটা যাতে না পায়। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ইলেকশন করতে না পারে, তবে আগের সরকারের অধীনে নির্বাচন করতে হবে।" সংবিধান সংশোধনীতে এ ধরনের বিধান রাখার বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী জানান, ওই ৯০ দিনের মধ্যেই ওই সরকার বাতিল হয়ে যাবে। এ রকম কিছু সংস্কার আনতে পারে। তাহলে নির্বাচনটা করতে বাধ্য হবে। তা না হলে আবার যন্ত্রণায় মানুষ পড়তে চায় না। তিনি বলেন, "একবার এসে বসার পর যেন চেয়ারের মায়ায় না পড়ে। একটি নির্দিষ্ট টাইম দেওয়া। ওই টাইমে নির্বাচন না হলে তাদের বিদায়।" বিচার বিভাগ তত্ত্বাবধায়কের বাইরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পক্ষে না থাকলেও নতুন করে সংস্কার আনা প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের বাইরে রাখার পক্ষেও তাদের প্রস্তাব রয়েছে। দলের সভানেত্রী শেখ হাসিনা বলেন, "এ সরকারের পরিরিধিটা আরো বাড়ানো উচিত। এর মধ্যে আমি বলেছি- সরকার ও বিরোধী দল পাঁচজন করে নাম দিয়ে, একজন [প্রধান] উপদেষ্টার নাম আলোচনার ভিত্তিতে দিতে পারে। এমন ব্যবস্থাও থাকতে পারে। "প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার বিষয়ে বিচার বিভাগের ওপর প্রভাব যাতে না পড়ে- এক্ষেত্রে বিরোধী ও সরকারি দল সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে পারলে ভালো হয়।" তিনি বলেন, "বিচার বিভাগের ওপর থেকে সরে আসা দরকার। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে তা বহাল থাকল, তবে আরো কিছু অপশন থাকলো। আরো কিছু উপায় থাকতে পারে। এ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।" শেখ হাসিন মনে করেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলে ও ই-ভোটিং পদ্ধতি চালু করা যায় তবে তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার হবে না। বিচারপতিরও অভিশংসন চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বিচারপতিদেরও একটা মত আছে। বিচারপতিসহ আইনজীবিরা মত দিয়েছেন। এখানে একটা প্রশ্ন আসে- সংসদ রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে। সংসদ যদি রাষ্ট্রপতির অভিসংশন করতে পারে, তাহলে অন্যদের পারবে না কেন? এ প্রশ্নটা তো রয়েছে। আমাদের সংবিধানে অতীতে তা ছিল।" হাসিনার মতে, জনগণের কাছে সবার জবাবদিহিতা থাকা উচিত। তিনি বলেন, "প্রত্যেকের কার্যক্রমের একটা রেটিং থাকা উচিত। পৃথিবীর সব দেশে তা আছে। আমেরিকা, ইংল্যান্ডে তা আছে। ইংল্যান্ডে তো রিপোর্ট বের হয়। কোন্ বিচারপতির কার্যক্রমে কী প্রতিফলন হচ্ছে। "বিচারপতির অপসারণের ক্ষমতা পার্লামেন্টের অধীনে হলে ভালো। তবে অন্যান্য দল, সবার মতামত নিচ্ছে। আমরা কোনো সুনির্দিষ্ট [কথা] বলিনি, আমাদের কোনো রিজিডিটি নেই। আমরা এটুকুই বলেছি