ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দু'টি বেঞ্চ গঠন করা হয়েছে। দীর্ঘদিন ছুটিতে থাকা বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চ গঠন করা হয়।
বুধবার থেকে এই নতুন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে।
মঙ্গলবার প্রকাশিত আপিল বিভাগের বুধবারের কার্য তালিকায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির সমন্বয়ে একটি ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে দুই বিচারপতির অপর বেঞ্চ গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে।
বিচারপতি এ বি এম খায়রুল হক গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের দিন থেকে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান বেঞ্চে বসছেন না।
গত ২০ এপ্রিল তিনি প্রধান বিচারপতিকে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চ গঠনের জন্য অনুরোধ জানিয়ে একটি চিঠি দেন। রাষ্ট্রপতি ও আইনমন্ত্রীকেও তিনি এই চিঠির অনুলিপি পাঠান।
এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৫ এপ্রিল) প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে আপিল বিভাগের এক নম্বর আদালতে অন্যান্য বিচারপতিদের সঙ্গে বিচারিক কাজে অংশগ্রহনের জন্য অনুরোধ জানান।
এরপর মঙ্গলবার বিচারপতি বজলুর রহমান তালুকদার, ব্যারিস্টার জামাল উদ্দিন ভুইঞাসহ ১৪ জনের স্মরণে ফুল কোর্ট রেফারেন্সে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের সকল বিচারপতির সঙ্গে অংশ নেন।
এ বি এম খায়রুল হক আগামী ১৭ মে অবসরে যাবেন। শাহ আবু নাঈম মোমিনুর রহমান অবসরে যাবেন চলতি বছরের ১৪ নভেম্বর।
বিচারপতি নাঈমকে প্রধান বিচারপতির চিঠি
প্রধান বিচারপতি সোমবার (২৫ এপ্রিল) শাহ আবু নাঈম মোমিনুর রহমানের চিঠির জবাবে লিখেছেন, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক আমি প্রধান বিচারপতি নিয়োজিত হওয়ায় আপনি জ্যেষ্ঠতার অজুহাতে আমার নেতৃত্বাধীন বেঞ্চ/কোর্টে বিচারিক দায়িত্ব পালনে ইচ্ছাকৃতভাবে বিরত রয়েছেন। সেজন্য নানাবিধ কারণ উল্লেখে এবং কারণ উল্লেখ না করেও উপর্যুপরি ছুটির আবেদন দাখিল করে ছুটিতে থেকেছেন।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে জ্যেষ্ঠতা নির্বিশেষে আপিল বিভাগের সব বিচারকের বিচারিক কাজ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অথচ আপনার পত্রে উল্লেখ করেছেন যে, আপনি বিচারপতি হিসেবে জ্যেষ্ঠ হওয়ার কারণে আমার নেতৃত্বাধীন বেঞ্চ/কোর্টে বিচার কাজে অংশগ্রহণ করতে পারছেন না।
আপনার উপুর্যপরি ছুটির দরখাস্ত, নজিরবিহীনভাবে সুদীর্ঘকাল একটানা বিচারিক দায়িত্ব পালন হতে বিরত থাকা এবং জ্যেষ্ঠতার অজুহাতে আমার নেতৃত্বাধীন বেঞ্চ/কোর্টে বিচারকাজ করতে ইচ্ছাকৃতভাবে অপারগতা প্রকাশ করা থেকে প্রতীয়মান হয় যে, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির প্রতি চরম অবমাননা প্রকাশ করে চলেছেন, যা অনভিপ্রেত।
চিঠিতে আরো বলা হয়েছে, আপনার ভুলে যাবার কথা নয়, পূর্ববর্তী বেশ কয়েকজন মাননীয় বিচারপতি সুপারসিডেড হওয়া সত্ত্বেও প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া কনিষ্ঠ বিচারপতির সঙ্গে একই বেঞ্চে বিনা প্রতিবাদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। সবাই প্রধান বিচারপতিকে স্বীকৃতি প্রদান করেছেন, অন্য কিছু নয়।
পৃথক বেঞ্চ গঠন করে আপনাকে ওই বেঞ্চের নেতৃত্ব প্রদান করা হয়নি এ অজুহাতে আপনি বিচারিক দায়িত্ব পালন হতে বিরত রয়েছেন, যা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য হতে পারে না। এমনকি আপনি ছুটিতে না থেকেও বিচারিক দয়িত্ব পালন করা হতে বিরত থেকেছেন যা অধিকতর অগ্রহণযোগ্য।
আপনি সোমবারও (২৪ এপ্রিল) ছুটি না নিয়ে বিচারিক দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন।
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, প্রধান বিচারপতি তার স্বীয় বিবেচনায় যখন প্রয়োজন মনে করবেন তখনই একাধিক বেঞ্চ গঠন করবেন, আপনার ব্যক্তিগত প্রয়োজনে বা অনুরোধে নয়।
আপনার ২০ এপ্রিলের পত্রটি দেশের প্রধান বিচারপতির পদের এখতিয়ার, মর্যাদা এবং সার্বিকভাবে সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে অসম্মান প্রদর্শনের পরিচায়ক।
চিঠিতে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে আপিল বিভাগের এক নম্বর আদালতে অন্য বিচারপতিদের সঙ্গে বিচারিক কাজে অংশগ্রহণের অনুরোধ জানান।
বেঞ্চ গঠনের জন্য বিচারপতি নাঈমের চিঠি
শাহ আবু নাঈম মোমিনুর রহমান গত ২০ এপ্রিল প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে বলেন, আমি ছুটি শেষে গত ৩০ জানুয়ারি যোগদান করে আপনাকে জানিয়েছিলাম যে, যেহেতু আমি বিচারপতি হিসেবে জ্যেষ্ঠ সেজন্য নীতিগত কারণে আপনার নেতৃত্বাধীন বেঞ্চ/কোর্টে বিচারিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারব না।
তবে আপনি প্রধান বিচারপতি হিসেবে প্রশাসনিক প্রধান হওয়ায় বিভিন্ন সময়ে আপনার অনুরোধ/নির্দেশিত মতে আপনার নেতৃত্বাধীন বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি না থাকার কারণে আপিল বিভাগে অতিরিক্ত বেঞ্চ/কোর্ট গঠন করা সম্ভব ছিল না। ২৩ ফেব্র"য়ারি নতুন চারজন বিচারপতি আপিল বিভাগে শপথ নেন।
বর্তমানে আপিল বিভাগে আটজন বিচারপতি নিযুক্ত থাকায় দুটি এমনকি তিনটি বেঞ্চ/কোর্ট গঠন করে আপিল বিভাগের বিচারিক কাজকর্ম পরিচালনা সম্ভব।
ইতোমধ্যে অতিরিক্ত বেঞ্চ/কোর্ট গঠিত না হওয়ার কারণে আমি বিচারিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারছি না। বিব্রতকর অবস্থা পরিহারের জন্য আমি সময় সময় ছুটি নিতে বাধ্য হয়েছি।
আপনাকে প্রধান বিচারপতি হিসেবে বিরাগের বশবর্তী না হয়ে, অত্র প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে একের অধিক বেঞ্চ/কোর্ট গঠনের বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করছি।
সেই সঙ্গে আমাকে আপনার নেতৃত্বাধীন বেঞ্চ/কোর্টে বিচারিক কাজের জন্য অন্তর্ভুক্ত না করে বিব্রতকর পরিস্থিতি পরিহারের জন্য অনুরোধ করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৪ ঘ.
bdnews24