২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়া সমর্থনযোগ্য নয়: অ্যামিকাস কিউরি

ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে দুই আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) ফতোয়া সমর্থনযোগ্য নয় বলে মত দিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে দুই আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) ফতোয়া সমর্থনযোগ্য নয় বলে মত দিয়েছেন । মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুনানিতে আদালত-বন্ধু মাহমুদুল ইসলাম ও এম আই ফারুকী এই অভিমত দেন। মাহমুদুল ইসলাম বলেন, "কারও ব্যক্তিজীবন বিপর্যস্ত করে এমন ফতোয়া দেওয়া বেআইনি। এটা সংবিধানের লঙ্ঘন। "মুঘল আমলে কাজী বা বিচারকরা মুফতিদের কাছে মতামত চাইতেন। এ মতামত দেওয়াকে ফতোয়া বলা হতো। ব্রিটিশ আমলে এর বিস্তৃতি ঘটে। এ হিসেবে এখন মুফতি থাকার কথা না।" শহরের চেয়ে গ্রামে ফতোয়ার প্রভাব বেশি- এ কথা উল্লেখ করে তিনি বলেন, "ফতোয়া দিয়ে বলা হচ্ছে বিয়ে সঠিক নয়। একঘরে করে রাখা হয়। এর ফলে গ্রামের মানুষের সামাজিক ও ব্যক্তি জীবন ধংস হয়ে যায়। এটা জীবনের স্বাধীনতা ও মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ।" ড. এম জহির শুনানিতে বলেন, "হাইকোর্টের স্যুয়োমটো রুল জারির ক্ষমতা রয়েছে। সংবিধানের সাত অনুচ্ছেদে জনগণের ক্ষমতার কথা বলা আছে। হাইকোর্টের ওই ক্ষমতা এসেছে জনগণের কাছ থেকেই।" এম আই ফারুকী বলেন, "বিদ্যামান আইনের বাইরে কেউ কিছু বলতে পারে না। ফতোয়ার মাধ্যমে দেওয়া বক্তব্য যদি কারো জন্য ক্ষতিকর হয়, এর মাধ্যমে ব্যক্তিজীবন থেকে শুরু করে তার জীবনধারা হয়রানির শিকার হলে তা গ্রহণযোগ্য নয়। এমন অধিকার কারো থাকা উচিত নয়।" গত ১ মার্চ এ শুনানি শুরু হয়। ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৩৮ ঘ.