২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন: খালেদা

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে আইনজীবীদের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, "আড়াই বছরে সরকারের কোনো সাফল্য নেই। তাদের জনসমর্থন এখন শূন্যের কোঠায়।" দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবিও জানান আবার। মানিকগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচিত সহসভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক জামিলুর রশিদ খানের নেতৃত্বে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। গত ২৪ ফেব্র"য়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্যানেল সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিজয়ী হয়। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা চলছে দাবি করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "দেশের কোথাও উন্নয়ন কর্মকাণ্ড চলছে না। রাতে ফুটপাথ, রেলস্টেশন ও বাসস্ট্যাণ্ডে কর্মহীন মানুষের উপস্থিতি থেকে তা স্পষ্ট হয়ে ওঠে। গ্রামে কাজ নেই। শহরেও একই অবস্থা।" তিনি অভিযোগ করেন, চারদলীয় জোট সরকারের আমলে নেওয়া উন্নয়ন পরিকল্পনার কাজগুলো বর্তমান সরকার ফিতে কেটে উদ্বোধন করে বড় বড় কথা বলছে। বিদ্যুৎ-গ্যাস-পানি সঙ্কট সমাধানে সরকার ব্যর্থ দাবি করে খালেদা জিয়া বলেন, "সরকারের আড়াই বছরে কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। নতুন বিদ্যুৎ-পানি সংযোগ বন্ধ করে দিয়েছে। এতে আবাসন প্রকল্পের ফ্ল্যাটগুলোতে মানুষজন উঠতে পারছেন না। অনেকেই ঋণ নিয়ে বাড়ি করে এখন বিপাকে পড়েছেন। "সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পরিকল্পিতভাবে কাজ করছে। দেশের রপ্তানি ও রেমিটেন্স কমে গেছে। নতুন কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে পারেনি তারা। মানুষের নতুন কোনো কর্মসংস্থান তারা করতে পারেনি।" মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের কোনো চিন্তা নেই- এ দাবি করে বিএনপিপ্রধান অভিযোগ করেন, তারা যুদ্ধাপরাধী বিচার ও বিরোধী দলের বিরুদ্ধে নতুন ও পুরাতন মামলা সচল করার কাজে ব্যস্ত রয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নির্বাহী কমিটির সদস্য আফরোজা খানম রিতা, প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্ত, প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আকবর হোসেন বাবলু, খোন্দকার আবদুল হামিদ ডাবলু, মানিকগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জেলার নির্বাচিত কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদিন, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২২০ ঘ.