২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণমামলা না নেওয়ায় পুলিশের বিরুদ্ধে মামলা

আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণ ও হত্যার মামলা না নেওয়ায় রামপুরা থানার ওসি, দুই উপপরিদর্শকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণ ও হত্যার মামলা না নেওয়ায় রামপুরা থানার ওসি, দুই উপপরিদর্শকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওই ঘটনায় মামলা না নিয়ে উল্টো বাদিকে হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন। মামলার বাদি হলেন, হিউম্যান রিসোর্স অ্যান্ড হেলথ ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংগঠনের সমন্বয়ক নূরুল ইসলাম চৌধুরী। সোমবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এ মামলাটি দায়ের করা হলেও মঙ্গলবার বিকালে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন এ আদালতের রাষ্ট্র পক্ষের বিশেষ কৌঁসুলি মোহাম্মদ ফোরকান মিয়া। ওসি সাইদুর রহমানের বিরুদ্ধে মামলার আরজিতে বলা হয়েছে, তিনি মামলা না নিয়ে উল্টো বাদিকে ভয়ভীতি দেখাচ্ছেন। এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার বাদির জবানবন্দি গ্রহণ করে আগামি সাত কার্যদিবসের মধ্যে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনারকে ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আরজিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ সন্ধ্যায় মিরপুর শেওড়াপাড়ার মফিজ উদ্দিনের মেয়ে সুমীকে মালিবাগ চৌধুরীপাড়ার হোটেল মিরাজের একটি কক্ষে আটকে রেখে পাশবিক কাজ করে। পরে তাকে হোটেলের তিন তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। বাদি আরজিতে অভিযোগ করেন, নিহতের বাবা মা থানায় মামলা করতে গেলে তাদের মামলা না নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা তাদেরও তাড়িয়ে দেন। ওই ঘটনায় পুলিশ শুধু অপমৃত্যুর মামলা নেয়। মামলার অভিযুক্তরা হলেন, ওসি সাইদুর রহমান, এসআই শ্যামল চন্দ্র ধর, জয়নাল মিয়া ও হোটেল মিরাজের মালিক, ম্যানেজার ও কর্মচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/২২১৪ ঘ.