২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে মাঠ নষ্ট হয়!

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদে মানববন্ধন করায় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের জেলা প্রশাসক (ডিসি) 'দেখে নেওয়ার' হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

নোয়াখালী, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদে মানববন্ধন করায় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের জেলা প্রশাসক (ডিসি) 'দেখে নেওয়ার' হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, অনুশীলনের জন্য মাঠ ব্যবহার করতে না দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামের যুক্তি, অনুশীলনের কারণে মাঠ নষ্ট হয়ে যায়। মঙ্গলবার এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে জরুরি বৈঠকে বসে জেলা ক্রীড়া সংস্থা। তবে সেখানে তাদের তিরস্কার করা হয় বলে জানিয়েছেন সংগঠকরা। জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে অনুষ্ঠিত ওই সভার মূল বিষয় ছিলো শহীদ ভুলু স্টেডিয়ামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের বিষয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আবেদন পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। জেলা প্রশাসক একক সিদ্ধান্তে মেলার জন্য আগেই স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়ে পরে সভা আহ্বান করেন। সভায় আমাদের প্রবল আপত্তিকে উপেক্ষা করে ডিসি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন। আগামী ১ মে থেকে এই মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। সভায় উপস্থিত ক্রীড়া সংস্থার বেশ কয়জন সদস্য সাংবাদিকদের জানান, সভার শুরুতেই জেলা প্রশাসক উত্তেজিত হয়ে স্টেডিয়ামে বাণিজ্য মেলাবিরোধী মানববন্ধনের কঠোর সমালোচনা করে বলেন- এর সঙ্গে যুক্তদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। স্টেডিয়ামে মাসব্যাপী মেলার আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার অনুষ্ঠিত ওই মানববন্ধনে অংশ নেন দেশের দ্রুততম মানবী নাজমুন্নাহার বিউটি, সাফ গেম্সে রৌপ্যপদক বিজয়ী সুমিতা রানী দাস, রফিকুল হক রনি, আজগর হোসেন, মাঈন উদ্দিন বাপ্পিসহ শতাধিক খেলোয়াড়। মঙ্গলবার বিউটি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, "সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডিসি মোবাইল ফোনে আমাকে হুমকি দিয়ে আমরা কেন মানবন্ধন করেছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি- তা জানতে চেয়েছেন। তিনি তিন দিনের মধ্যে আমাদের কোচের চাকরি খেয়ে ফেলার হুমকি দিয়েছেন।" "প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দুঃস্থ ও কৃতী খেলোয়াড় হিসেবে আমার ও জেসমিনের জন্য বরাদ্দ করা জমি না দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি", বলেন বিউটি। এসব বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, "মাঠ আমার। আমার মাঠে মেলা হলে তাদের ক্ষতি কী? তারা কার অনুমতি নিয়ে মানববন্ধন করেছে? আমার মাঠে এখন থেকে কোনো প্র্যাকটিস চলবে না। প্র্যাকটিস করে তারা মাঠ নষ্ট করে ফেলে।" খেলোয়াড়দের হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, তিনি কাউকে হুমকি দিয়ে ফোন দেননি। বরং তারাই ফোন দিয়েছিলো। এছাড়া এককভাবে স্টেডিয়াম বাণিজ্য মেলার জন্য বরাদ্দ দেওয়ার অভিযোগও অস্বীকার করেন সিরাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৮২৫ ঘ.