ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির ও তার সহযোগী আইনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতে রাখার অনুমতি পেয়েছে পুলিশ ।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিম কাজী শহীদুল ইসলাম এ আদেশ দেন।
আদালতে আইনুলের পক্ষে জামিন চাওয়া হলেও তা নাকচ করেন বিচারক।
সাব্বির ও আইনুলকে গত রোববার রাতে কেরানীগঞ্জের আটিবাজার পাঁচদোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন র্যাব-১০ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আলতাফ হোসেন মোল্লা।
মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার পুলিশ পরিদর্শক আবদুর রশিদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের হেফাজতের আবেদন করেন।
হেফাজতের আবেদনে উল্লেখ, তাদের কাছ থেকে ২৮টি সিডি, বিভিন্ন জঙ্গি সংগঠনের নয়টি পুস্তিকা, আরবি লেখা চারটি বইসহ মোট ২৪টি বই জব্দ করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা নতুন সদস্য সংগ্রহ করে জঙ্গি তৎপরতায় মিলিত হয়েছিলো। তাই এ বিষয়ে আরো তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৭২৪ ঘ.
bdnews24